বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) ময়মনসিংহ গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তর, ময়মনসিংহের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ মোবারক হোসেনসহ অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের সার্বিক শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের একজন সাহসী ও আপসহীন রাজনৈতিক ব্যক্তিত্ব। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর রাজনৈতিক জীবন দেশ ও জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে বক্তারা উল্লেখ করেন।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলটি শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানজুড়ে উপস্থিত সকলের মধ্যে ছিল শোকাবহ কিন্তু মর্যাদাপূর্ণ আবহ।
Leave a Reply