কক্সবাজারের চলমান সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১২ জুনের পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলছেন, আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন। এই সংগঠন যখন ক্ষমতায় আসে তখন দেশের মানুষের কল্যাণ হয়। মানুষ খেয়েপরে ভালো থাকে। মানুষের ভাগ্য পরিবর্তন হয়।
১৪ বছরে আজকের বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে হানিফ বলেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মর্যাদা পেয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ উন্নয়নের রোল মডেল। তাই নৌকায় ভোট দিলে এভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত এই নেতা।
সোমবার বিকেলে শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলি ও কুরি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, এমপি সাইমুম সরওয়ার কমল, এমপি আশেক উল্লাহ রফিক, এমপি কানিজ ফাতেমা আহমেদ, লে. কর্নেল (অবঃ) ফোরকান আহমেদ, প্রশান্ত ভূষন বড়ুয়া, এডভোকেট রনজিত দাশ, মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী, নাজনীন সরওয়ার কাবেরী, এডভোকেট তাপস রক্ষিত, মোহাম্মদ নজিবুল ইসলাম, মাহমুদুল করিম মাদু, রহিম উদ্দিন, সোহেল আহমদ বাহাদুর, এডভোকেট রেজাউর রহমান, আতিক উদ্দিন চৌধুরী, ইশতিয়াক আহমেদ জয়, হামিদা তাহের, এস এম সাদ্দাম হোসেন, মারুফ আদনানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পরামর্শমূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সভায় আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত মেয়র পদপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে উল্লেখ করে সাধারণ ভোটারদের ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দিয়ে সরকারের উন্নয়ন চিত্রগুলো তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এসময় জেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ওলামা লীগসহ বিভিন্ন সংগঠনের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply