চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানা এলাকায় পরিচালিত এক সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ অর্থ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (বন্দর) এর সার্বিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম এবং ইপিজেড থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে (সোমবার দিবগত গভীর রাতে) মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালিত হয় ইপিজেড থানাধীন মাদ্রাজী শাহ পাড়া এলাকার আবুল খায়ের গলিস্থ সাগর ভিলার ৪র্থ তলার একটি টিনশেড কক্ষে। এ সময় সেখান থেকে ২১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৭০ হাজার ৭২০ টাকা উদ্ধারসহ মোহাম্মদ নিজাম প্রকাশ নেজাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচে কৌশলে লুকানো আরও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এতে মোট ইয়াবার পরিমাণ দাঁড়ায় ২২০০ পিস। একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত নিজাম দীর্ঘদিন ধরে বন্দরটিলা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয় খদ্দেরদের কাছে সে নিয়মিত মাদক সরবরাহ করত বলে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে বন্দর ও ইপিজেড থানায় অস্ত্র মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশ জানিয়েছে, নগরীতে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এর অংশ হিসেবেই এ সফল অভিযান পরিচালিত হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযানে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় ইপিজেড থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply