ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক কাতারপ্রবাসীকে অপহরণ করে আটকে রেখে মারধর এবং নগদ টাকা, মোবাইল ও স্বাক্ষরিত চেক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগীর স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে মামলাটি করেন। আশুগঞ্জ থানায় দায়েরকৃত মামলাটি নথিভুক্ত হয়েছে।
অভিযোগে বলা হয়, ভুক্তভোগী লালু মিয়া ও অভিযুক্ত সুমন মিয়ার শালা রাফি কাতারে একসঙ্গে ফ্ল্যাট ব্যবসা করতেন। আর্থিক অনিয়মের কারণে ব্যবসায় বিরোধ সৃষ্টি হলে সম্পর্কের অবনতি ঘটে। পরে লালু মিয়া দেশে ফেরত আসেন। এরপর দেশে আসেন অভিযুক্ত সুমন মিয়াও এবং তখন থেকেই শুরু হয় হুমকি-ধমকি।
গত বুধবার (০৯ জুলাই) সকাল ১০টার দিকে ভুক্তভোগী লালু মিয়া ৭ লক্ষ টাকা নিয়ে ডাচ্ বাংলা ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে আশুগঞ্জ বাজারস্থ বেলালের ঘাট এলাকায় অভিযুক্ত সুমন মিয়া (৩৫), শফিকুল আলম ইমন (৩০), মোস্তফা মিয়া (৩৫), সাইমন (৩৮) ও অজ্ঞাত আরও ২/৩ জন তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় একটি অফিসে। সেখানে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে উপর্যুপরি আঘাত করে তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করা হয়।
একপর্যায়ে তারা তার কাছ থেকে মোবাইল , নগদ ৭ লক্ষ টাকা, এবং পূবালী ব্যাংকের একটি ৫ লক্ষ টাকার স্বাক্ষরিত চেক ছিনিয়ে নেয়। এছাড়া, তাকে জোরপূর্বক ৬টি অলিখিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয়।
আহত অবস্থায় ভুক্তভোগীকে সন্ধ্যায় আশুগঞ্জের লা-ভিডা প্রাইভেট হাসপাতালে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়। পরবর্তীতে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের স্ত্রী আকলিমা বেগম অভিযোগপত্রে উল্লেখ করেন, তার স্বামীর কাছ থেকে লুট করা মোবাইল, টাকা এবং স্ট্যাম্প উদ্ধারসহ অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ বিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খাইরুল আলম বলেন, মামলা রুজু হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply