নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে ঢাকার ধামরাইয়ে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীরা।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের কৃষ্ণপুরা-বারবাড়িয়া এলাকায় এ মিছিল করা হয়।
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নেতৃত্বে মিছিলটি মহাসড়কের অন্তত তিন কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে। এসময় মিছিল থেকে সরকার বিরোধী নানা স্লোগান দেন নেতাকর্মীরা।
মিছিলে বিএনপি নেতা সুনীল সাহা, উপজেলা যুবদলের নেতা ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল, ছাত্রদল নেতা ইসমাইল হোসেন সুমনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ দলের অঙ্গ সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
অসহযোগ আন্দোলনের সমর্থনে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় গত তিন মাসে অন্তত অর্ধ শতাধিক মিছিল করেছে দলের নেতাকর্মীরা।
ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক বলেন, পুলিশের ভয়ে আমাদের নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারছেন না। প্রশাসনিক বাধার মুখেও নিয়মিত কর্মসূচি পালন করা হচ্ছে।
Leave a Reply