সুন্দরবন ও বঙ্গোপসাগর উপকূলে বনদস্যুদের তান্ডবে দেশের সব থেকে বড় শুঁটকি আহরণ পল্লী দুবলারচরে মাছ সংকটে দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা। সুন্দরবনের অস্থায়ী এই শুঁটকি পল্লীতে কাংঙ্খিত মাছ না থাকায় মাছ শুকানোর শূণ্য মাচাগুলো এখন খাঁখা করছে।
দুবলার আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মো. মোতাসিম ফরাজী বৃহস্পতিবার দুপুরে জানান, গত দু’সপ্তাহ ধরে বনদস্যুরা মুক্তিপনের দাবিতে একের পর এক জেলেদের অপহরণ করছে। আতংকের মধ্যে জেলেরা সুন্দরবনের দনী ও সাগরে মাছ ধরতে পারছেনা। একই সাথে সাগরে তেমন মাছ পাচ্ছে না জেলেরা। যে মাছ পাওয় যাচ্ছে তা দিয়ে ট্রলারের জ্বালানী খরচ উঠছেনা। এমন পরিস্থিতিতে শুঁটকি পল্লীতে মাছ শুকানোর মাচাগুলো মাছের অভাবে এখন খাঁখাঁ করছে। একদিকে কাংখিত মাছ না পাওয়া, অন্যদিকে সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম বেড়ে গেছে। প্রায়শঃই দস্যুরা জেলেদের ধরে নিয়ে জিম্মী করছে। দস্যুদেরকে মোটা অংকের টাকা মুক্তিপণ দিয়ে জেলেদের ছাড়িয়ে আনতে হচ্ছে। এসব কারণে জেলে ও মহাজনদের মুখেহাসি নেই। সব জেলে ঋণগ্রস্থ হয়ে আছে। ঋণের টাকা কিভাবে পরিশোধ করবে শুঁটকি জেলেরা সে দুশ্চিন্তায় রয়েছেন বলে জানান জেলে নেতা মোতাসিম ফরাজী।
দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃকামাল উদ্দিন আহমেদ বলেন, এবারের শুঁটকি মৌসুম ভালোভাবে শুরু হলেও বর্তমানে হঠাৎ করে জেলেরা সাগরে মাছ কম পাওয়ায় তারা লোকসানের মুখে পড়েছে। অপরদিকে, বনদস্যুরা বেপরোয়া ভাবে জেলেদের উপরে হামলা করে তাদের ধরে নিয়ে যাচ্ছে। ট্রলার ও নৌকা নিয়ে জেলেরা সাগর ও সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে গেলে দস্যুরা ধাওয়া করে ধরে নিয়ে যাচ্ছে। বনদস্যু দমনে র্যাব ও কোষ্টগার্ডের অভিযান জোরদারের দাবী জানান কামাল উদ্দিন আহমেদ।
সুন্দরবনের জেলে পল্লী দুবলার ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিলটন রায় বলেন, বনদস্যুদের অপহরন বানিজ্যসহ বর্তমানে জেলেরা সাগরে তেমন মাছ পাচ্ছেন না। জেলেরা মাছ না পাওয়ায় বন বিভাগের রাজস্ব ঘাটতির আশংকা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
Leave a Reply