শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জেন্ডার ফ্রেন্ডলি স্যানিটেশন বিষয়ক একটি ফলো-আপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার সাজনপুর গার্লস উচ্চ বিদ্যালয়ে নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) ভেদরগঞ্জ কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গাইডেন্স প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সাজিয়া মৃধা, উপজেলা কো-অর্ডিনেটর সুব্রত কুমার দাস এবং সিএসও প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বক্তারা বলেন, জেন্ডার ফ্রেন্ডলি স্যানিটেশন শুধু একটি সুবিধা নয়, এটি শিক্ষার্থীদের মৌলিক অধিকার। একটি বিদ্যালয়ে নিরাপদ, আলাদা ও পরিচ্ছন্ন টয়লেট, পর্যাপ্ত পানি সরবরাহ এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার সুযোগ নিশ্চিত করা গেলে মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি ও অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
প্রজেক্ট ম্যানেজার সাজিয়া মৃধা তার বক্তব্যে উল্লেখ করেন, একটি নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং শিক্ষা গ্রহণে সহায়ক পরিবেশ তৈরি করে। তাই এ ধরনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভায় স্টুডেন্ট ব্রিগেডের গঠনতন্ত্র নিয়েও আলোচনা করা হয়। এতে শিক্ষার্থীরা একটি সক্রিয় ও দায়িত্বশীল দল গঠনের উদ্যোগ গ্রহণ করে।
এ সময় শিক্ষার্থীরা প্রতিশ্রুতি ব্যক্ত করে যে, তারা সকল কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করবে এবং দায়িত্বশীলতার সাথে তা পরিচালনা করবে। শিক্ষকবৃন্দ ও সিএসও প্রতিনিধিরাও তাদের এ উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply