তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের মূল উদ্দেশ্য। জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে সরকার অনতিবিলম্বে দেশব্যাপী হাম-রুমেলা টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। ২০ এপ্রিল সোমবার সকাল ১০টায় বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে হাম প্রকোপ প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ নেন। তিনি ইপিআই’র মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো শিশুদের জন্য হাম টিকা কার্যক্রম চালু করেন। এই উদ্যোগের ফলে দেশের শিশু মৃত্যুহার কমাতে এবং সংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়। জিয়াউর রহমানের এই পদক্ষেপ বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ বগুড়া থেকে হাম টিকাদান কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছে। তিনি আরো বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য শিশুদের হাম টিকার আওতায় নিয়ে আসা। কেননা এই সংক্রমণ রোগকে প্রতিরোধ করতে না পারলে দ্রুত শিশুদের মাঝে ছড়িয়ে পড়বে বিশেষ করে যেসব শিশু পুষ্টিহীনতায় ভুগছে। দেশব্যাপী হাম টিকাদানে কোনো ঘাটতি থাকবে না বলেন তিনি। অভিভাবকদের টিকাদানের গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন ৬ মাস থেকে ৫ বছর বয়সী (৫৯ মাস পর্যন্ত) শিশুদের অবশ্যই এই টিকার আওতায় আনতে হবে। শুধু নিজের বাচ্চা টিকা নিলেই হাম প্রতিরোধ সম্ভব নয়, বরং রোগ প্রতিরোধ তৈরি করতে সকল শিশুকে টিকার আওতায় আনতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহী, জেলা পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক, স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম।
Leave a Reply