1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মহেশখালীর আদিনাথ মেলা শুরু হয়েছে - দৈনিক আমার সময়

মহেশখালীর আদিনাথ মেলা শুরু হয়েছে

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
মহেশখালীর আদিনাথ মন্দিরের শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা শুরু আজ শুক্রবার (৮ই মার্চ) থেকে। পূজা উপলক্ষে শিব দর্শন ও মেলা চলবে আগামী ১০ দিন পর্যন্ত।
মহেশখালীর মৈনাক পাহাড়ের চূড়ায় শিব দর্শন ও পূজা উপলক্ষে চলা এই মেলা আদিনাথ মেলা হিসেবে পরিচিতি পেয়েছে। যা হয়ে আসছে শত বছরেরও বেশি সময় ধরে।
প্রতি বছর শীতের সায়াহ্নে ফাল্গুনের আগমনে কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে দেবাদি দেব মহাদেব অর্থাৎ শিবের আশীর্বাদ লাভের আশায় হিন্দু ধর্মাবলম্বীরা শিব দর্শন ও পূজা করে থাকেন।
এসময় দেশের নানা প্রান্ত থেকে পূজারী ছাড়াও বিভিন্ন দেশ থেকে পূর্ণ্যার্থীরা সিদ্ধ দর্শনে মহেশখালীর আদিনাথে আসেন।
আজ প্রথম দিনেই শিব চতুর্দশী পূজা ও মেলায় দেশের নানা প্রান্ত থেকে আসা হাজার হাজার পূজারী ও ভক্ত অনুরাগীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে মৈনাকের চূড়া ও আদিনাথ মন্দিরের আশপাশ।
আদিনাথ মেলা কমিটি জানিয়েছে মহেশখালী উপজেলা আদিনাথ সংস্কার কমিটি ও সীতাকুণ্ড সাইন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (৮ মার্চ) থেকে দশ দিনব্যাপী পূজা ও মেলার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে অনেক তীর্থযাত্রী মন্দিরে অবস্থান করছেন। তীর্থযাত্রীদের সেবা দানের জন্য স্বেচ্ছাসেবক ও কমিটির সদস্যরা নিরলস পরিশ্রম করে যাবেন। এখানে চিকিৎসা সেবা দেওয়ার জন্য অদ্বৈত ও অচ্যুত মিশন এবং বাংলাদেশ গীতা শিক্ষা কেন্দ্র মহেশখালী শাখা কাজ করে যাচ্ছেন। এছাড়াও শ্রী শ্রী রামসীতা মন্দির কমিটি, শ্রী শ্রী লোকনাথ মন্দির কমিটি, রামকৃষ্ণ সেবাশ্রম ও ইসকন মন্দির কমিটি তীর্থযাত্রীদের থাকার সুব্যবস্থা করেছেন।
শিব চতুর্দশী পূজা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক প্রণব কুমার দে জানিয়েছেন, মেলার প্রথম তিনদিন চলবে আদিনাথ মন্দিরের শিব চতুর্দশী পূজা। সন্ধ্যা ৮ টা থেকে শিব দর্শন শুরু হবে। পূজার পরও ৭ দিন সহ মোট ১০ দিন চলবে মেলা। প্রতি বছরের ন্যায় এ বছরও সুশৃংখলভাবে পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। পূজারী ও ভক্তবৃন্দদের জন্য থাকার সুব্যবস্থা রয়েছে এবং অনৈতিক কর্মকান্ড ও যেকোনো ধরনের জুয়া বন্ধ থাকবে। পূজারী ও দর্শনার্থীদের জন্য শুধুমাত্র বিভিন্ন দোকানপাট থাকবে। এইবার দুই থেকে তিন শতাধিক দোকানপাট বসেছে এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাধিক সহযোগিতার কথাও জানান তিনি।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন, কক্সবাজার জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় মন্দিরে আসা তীর্থযাত্রী, পূজারী, ভক্ত বৃন্দ ও পর্যটকদের নিরাপত্তার জন্য মহেশখালী থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সময় পুলিশের সাথে সমন্বয় করে আনসারও মেলার সার্বিক নিরাপত্তার স্বার্থে দায়িত্বে থাকবেন। এছাড়াও পুলিশের একটি বিশেষ টিম সার্বক্ষণিক টহলে থাকবে। বিভিন্ন সড়ক ও নৌপথে পুলিশের নজরদারি থাকবে জানিয়ে তিনি বলেন, কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সার্বক্ষণিক সজাগ থাকবে। কেউ যদি অপ্রীতিকর ঘটনা করে তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীখি মারমা জানান মেলায় আগত তীর্থযাত্রীদের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। যে কোনরূপ অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে মহেশখালী উপজেলা প্রশাসন।
তীর্থ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে নৌযান ও সড়ক পথে যানবাহন চলাচল সহ তীর্থ যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com