গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বাকিতে মালামাল না দেওয়াকে কেন্দ্র করে একটি দোকানে সশস্ত্র হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ৫জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যার দিকে মাওনা চৌরাস্তার ‘নিউ জামালপুর গ্লাস এন্ড থাই অ্যালুমিনিয়াম ফ্যাব্রিকেটর’ নামের দোকানে এ বর্বরোচিত ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানে বাকিতে মালামাল কেনা নিয়ে দোকান মালিকের সাথে কয়েকজনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে কিছুক্ষণ পর একদল সশস্ত্র সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানে অতর্কিত হামলা চালায়। দোকানের ভেতরের মালামাল ভাংচুর করে তারা। হামলাকারীরা দোকান লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়লে দোকানে থাকা অন্তত ৫ জন ও আশপাশের আরও কয়েকজন লোক আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জনাকীর্ণ এলাকায় সন্ধ্যায় এমন গোলাগুলির ঘটনায় পুরো মাওনা চৌরাস্তা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়েও প্রশ্ন করেন অনেকেই।
স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, শ্রীপুরের বর্তমান ওসি আসার পর থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি হয়েছে। প্রতি রাতেই চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। মাদকের ছড়াছড়ি থাকলেও পুলিশের তেমন তৎপরতা চোখে পড়ছে। নানা বিষয় নিয়ে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটছে। থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না।
এসব বিষয়ে বক্তব্য নিতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহাম্মদ নাসির উদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
গাজীপুরের পুলিশ সুপার ড. শরীফ উদ্দিন বলেন,’ আমি ঢাকায় আছি। ওসিকে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিচ্ছি।’
আইন শৃঙ্খলা অবনতির বিষয়ে ওসির ভূমিকা সম্পর্কে তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
Leave a Reply