1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নতুন প্রজন্মের নারী নেতৃত্ব বিকাশে ‘She Leads Tomorrow’ উদ্যোগ - দৈনিক আমার সময়

নতুন প্রজন্মের নারী নেতৃত্ব বিকাশে ‘She Leads Tomorrow’ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নতুন প্রজন্মের নারী নেতৃত্ব, দক্ষতা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে এগিয়ে নিতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘She Leads Tomorrow’ শীর্ষক জাতীয় অনুষ্ঠান। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়, UN Women ও UNOPS বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তরুণী ও কিশোরীদের নেতৃত্ব বিকাশ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

‘Enhancing Women’s Political Leadership through SDG 5 and SDG 16 Localisation in Bangladesh’ প্রকল্পের জাতীয় প্রচার ও সমাপনী অনুষ্ঠান হিসেবে আয়োজনটি অনুষ্ঠিত হয়। Joint SDG Fund-এর সহায়তায় বাস্তবায়িত প্রকল্পটির মাধ্যমে দেশের বিভিন্ন সম্প্রদায়ের এক হাজারেরও বেশি কিশোরী ও তরুণীকে নেতৃত্ব ও নিজ নিজ সমাজে ইতিবাচক পরিবর্তনের কারিগর হিসেবে গড়ে তোলার সুযোগ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য, কূটনীতিক, জাতিসংঘের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং তরুণ নারী নেতারা অংশ নেন। এতে বাংলাদেশে নারীর রাজনৈতিক নেতৃত্ব ও অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ড. জুবাইদা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ রুমী সাকি, এমপি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের SDG বিষয়ক প্রধান সমন্বয়কারী প্রফেসর ড. এস. এম. আবদুল-আওয়াল সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. জুবাইদা রহমান তরুণ অংশগ্রহণকারীদের অর্জনের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ নারী নেতৃত্ব বিকাশে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, তরুণ নারীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হলে তারা শুধু নিজেদের সম্প্রদায়কেই শক্তিশালী করবেন না, দেশের ভবিষ্যৎকেও শক্তিশালী করবেন। অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদের কণ্ঠ, চিন্তা ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ রুমী সাকি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নারীর অর্থবহ অংশগ্রহণ অপরিহার্য। তরুণ নারীদের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি করা হলে আগামী দিনের জন্য আরও শক্তিশালী প্রতিষ্ঠান ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের SDG বিষয়ক প্রধান সমন্বয়কারী প্রফেসর ড. এস. এম. আবদুল-আওয়াল বলেন, SDG স্থানীয়করণের মাধ্যমে জাতীয় অঙ্গীকারকে স্থানীয় পর্যায়ে অর্থবহ কার্যক্রমে রূপ দিতে হবে। তরুণ নারীদের সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের ভবিষ্যৎ নির্ধারণকারী সিদ্ধান্ত ও সমাধান তৈরির প্রক্রিয়ায় তাদের ভূমিকা নিশ্চিত করতে হবে।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যাফেরি ফ্রেস-সোরেনসেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, SDG বাস্তবায়নের অগ্রযাত্রায় কাউকে পিছিয়ে না রেখে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে UNOPS বাংলাদেশ ও ইউট্রান-এর কান্ট্রি ম্যানেজার সুফীয়ান মুরাদিবরন তরুণ নারীদের নেতৃত্বে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে শক্তিশালী প্রতিষ্ঠান, অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা ও সহনশীল সমাজ গঠনে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় UN Women বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিং নারী ও কিশোরীদের জন্য এমন একটি সহায়ক পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন, যেখানে তারা নেতৃত্ব দিতে, অংশগ্রহণ করতে এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণকারী সিদ্ধান্তে প্রভাব রাখতে পারেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘She Leads Tomorrow’ কফি টেবিল বইয়ের আনুষ্ঠানিক প্রকাশনা। বইটিতে প্রকল্পের সঙ্গে যুক্ত তরুণীদের সাহস, নেতৃত্ব, অভিজ্ঞতা ও পরিবর্তনের গল্প তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ‘She Leads Tomorrow’ আলোকচিত্র প্রদর্শনীতে জীবন পরিবর্তনের অভিজ্ঞতা অর্জন করা কিশোরী ও তরুণীদের ভিজ্যুয়াল গল্প তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময়, গল্প বলার পর্ব, ভিডিও প্রদর্শনী ও Inclusion Ceremony অনুষ্ঠিত হয়। পরে নারী নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব এবং লিঙ্গ সমতা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে প্রকল্পটির কার্যক্রম পরিচালিত হয়। সরকারি স্কুল, মাদ্রাসা ও প্রান্তিক জনগোষ্ঠীর এক হাজারেরও বেশি কিশোরী ও তরুণী এতে অংশ নেয়। নেতৃত্ব বিকাশ, মেন্টরশিপ, নাগরিক শিক্ষা, নীতি সংলাপ ও অ্যাডভোকেসির মাধ্যমে তাদের নেতৃত্বের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নাগরিক ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অর্থবহ অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয়।

প্রকল্পটির অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে ‘Bangladesh Model for SDG Localisation’ তৈরি করা হয়েছে। এ কাঠামোর মাধ্যমে বিভিন্ন পক্ষের মধ্যে সহযোগিতামূলক কার্যক্রম উৎসাহিত করে স্থানীয় পর্যায়ে SDG বাস্তবায়নে মালিকানা জোরদার এবং টেকসই উন্নয়নের কেন্দ্রে তরুণ নারীদের নেতৃত্বকে স্থান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের মতে, ‘She Leads Tomorrow’ কেবল একটি প্রকল্পের সমাপ্তি নয়; বরং বাংলাদেশের আরও অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও সমতাভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে তরুণ নারীদের সাহস, নেতৃত্ব ও আকাঙ্ক্ষাকে সামনে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com