ঢাকার ধামরাইয়ের কালামপুর বাজারে কলেজের জমি দখল করে অবৈধভাবে নির্মাণ করা চারতলা ভবন গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর শেষ কর্মদিবসে এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধামরাইয়ের বড়াটিয়া গ্রামের বাসিন্দা কালামপুর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বদরুল আলম প্রায় ২০ বছর ধরে ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজের জমিতে ৩ তলা ভবন নির্মাণ করে হলি জেনারেল হাসপাতাল পরিচালনা করে আসছিলেন। ওই জমি ছেড়ে দেওয়ার জন্য দেড় মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী তাঁকে জানিয়ে দেন।
এরপরও দখলমুক্ত না করায় গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে দুটি এক্সক্যাভেটর নিয়ে হাসপাতালের সামনে হাজির হন ইউএনও। এ সময় হাসপাতালের রোগী ও মালপত্র সরিয়ে নিতে দুপুর ২টা পর্যন্ত সময় দেওয়া হয়। পরে মালপত্র সরিয়ে নেওয়ার পর বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এক্সক্যাভেটর দিয়ে ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় উদ্ধার করা প্রায় ২ কোটি টাকা মূল্যের জমি ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়।
ধামরাইয়ের ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, কলেজের জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য কয়েক দফায় সতর্ক করা হয়েছে। কিন্তু ভবন মালিক তাঁর অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এর আগে গত ২১ নভেম্বরও কালামপুর বাজারে আরও অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কলেজের ৭০ শতাংশ জমি উদ্ধার করেন তিনি।
Leave a Reply