চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি আফিল উদ্দিন আহমদ।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সমিতির সভাপতি আফিল উদ্দিন আহমদ, সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস বাবলু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক কামাল হোসেন চৌধুরীসহ ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে ছাত্রদল ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
তিনি বলেন, ৫ আগস্টের আগে যারা দলের মিছিল-মিটিং ও প্রতিবাদ সমাবেশে অংশ নিতে ভয় পেতেন এবং পরিবেশ ও মানবাধিকার নেতার সাইনবোর্ড ব্যবহার করে চলতেন, তাদের মধ্যে চিহ্নিত কিছু নামধারী চাঁদাবাজ ও ধান্দাবাজ এখন ঠিকাদার সমিতির পদধারী নেতাদের ‘ফ্যাসিবাদের দোসর’ সাজিয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছে।
সমিতির সভাপতি আরও অভিযোগ করেন, এ ধরনের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা দলের জন্য অশনি সংকেত। তিনি অবিলম্বে ঠিকাদার সমিতির নেতৃবৃন্দের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
একই সঙ্গে মামলাটির বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মামলাকারীদের ভূমিকা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ছাড়াও আমিনুল ইসলাম, ঠিকাদার জহির আহমদ, মো. মহসিন, ইলিয়াছ আলী, মো. ইব্রাহিম, ইয়াস উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Leave a Reply