শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)-এর আয়োজনে এবং সরকারি বিভিন্ন দপ্তর, সিএসও ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টায় জাজিরা উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কিশোরী ও সমাজ উভয়ের জন্যই মারাত্মক ক্ষতিকর। এ সমস্যা প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা প্রকৌশলী ইমন মোল্লা, নুসার গাইডেন্স প্রকল্প ব্যবস্থাপক সাজিয়া মৃধা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তি রাণী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ আলম, জাজিরা থানার তদন্ত কর্মকর্তা আব্দুস সালাম, জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সকল সচিবগণ।
বৈঠকে বক্তারা বাল্যবিবাহের কুফল, আইনি দিক, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, বাল্যবিবাহ বন্ধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি।
গোলটেবিল বৈঠক শেষে বাল্যবিবাহ প্রতিরোধে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
Leave a Reply