ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বিগত ১৭ বছরে দেশের শ্রমিক সমাজ তাদের ন্যায্য অধিকার থেকে চরমভাবে বঞ্চিত ছিল। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হয়নি, অতিরিক্ত শ্রমের ন্যায্য পারিশ্রমিক থেকেও অনেক ক্ষেত্রে শ্রমিকরা বঞ্চিত হয়েছেন। এমনকি বিভিন্ন কারখানা দুর্ঘটনায় শ্রমিক নিহত হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যথাযথ বিচার বা ক্ষতিপূরণ পায়নি, যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।
শুক্রবার (১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্রসমূহ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের নির্বাচনী ইশতেহারে শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং জীবনমান উন্নয়নের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তিনি জানান, শ্রম আইন বাস্তবায়নে একটি স্বাধীন ও কার্যকর তদারকি ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি ট্রেড ইউনিয়নের স্বাধীনতা নিশ্চিত করা, শ্রমিকদের কণ্ঠস্বরকে শক্তিশালী করা এবং স্বাস্থ্য, বাসস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, শ্রমিকরা কেবল উৎপাদনের যন্ত্র নয়, বরং দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এই দিনে আমাদের শপথ নিতে হবে—শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার।
প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন আশাবাদ ব্যক্ত করে বলেন, সংগ্রাম ছাড়া মুক্তি নেই, ঐক্য ছাড়া শক্তি নেই। শ্রমিক, কৃষক, ছাত্র ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। এছাড়া চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শওকত আলী এবং চট্টগ্রামের পুলিশ সুপার মো. নাজির আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।
এর আগে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন প্রতিমন্ত্রীসহ অতিথিরা। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যেখানে বিভিন্ন শ্রমিক সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Leave a Reply