1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ক্ষমতার পরীক্ষা হয় সংযমে, প্রতিশোধে নয় - দৈনিক আমার সময়

ক্ষমতার পরীক্ষা হয় সংযমে, প্রতিশোধে নয়

রাজু আহমেদ
    প্রকাশিত : রবিবার, ২৯ জুন, ২০২৫

একসময় আপনি নির্যাতিত ছিলেন-এটা সত্যি। কিন্তু হাওয়া বদলে যাওয়ার পর সেই সুযোগকে পুঁজি করে যদি আপনি নিজেই আরেকজনকে নির্যাতনের নায়ক হয়ে ওঠেন, তবে নিশ্চিত থাকুন, ইতিহাস পুনরাবৃত্তি হতে দেরি হবে না। আপনি আবারও নির্যাতিত হবেন-এটাও সত্যি। কেননা পৃথিবী লম্বা নয়, গোল। এখানে কোনো কিছুই স্থির নয়, স্থায়ীও নয়। পৃথিবীর প্রতিটি ঘটনা একটি আবর্তনের ভেতর দিয়ে এগোয়। সবকিছু এক সময় ঘুরে আসে। সুতরাং, এখন বলটা আপনার কোর্টে। আপনি চাইলে এখানেই একটি কালো অধ্যায়ের যবনিকাপাত ঘটতে পারে-শুধুমাত্র ফেয়ার প্লে শুরু করলেই। সুযোগ পাওয়ার পর প্রতিহিংসা নয়, সংযম ও ন্যায়ের চর্চা হলে ইতিহাস আপনাকে স্মরণ করবে। আর প্রতিশোধপরায়ণতা আপনাকে ঠেলে দেবে ঘৃণার আরেক বৃত্তে, যার শেষ নেই। প্রতিহিংসা পুষে রাখলে তা শুধু বেড়ে চলে। একসময় তা আপনাকেই গ্রাস করে ফেলে। মানুষ ভুলে যায়, ঘৃণা কেবল ধ্বংস ডেকে আনে, আর ভালোবাসা-সে তো এক ভয়ংকর সুন্দর সংক্রমণ। ভালোবাসা ছড়ালে তার প্রতিক্রিয়ায় অন্যের হৃদয়ও নরম হতে পারে। এই জীবনে না হয় একটু বেশিই ঠকলেন। ক্ষতি নেই। ঠকেও যদি অন্য একজনকে ঠকানো থেকে বিরত রাখা যায়, তবে সেটিই বড় অর্জন। রোগ তো সেখানেই থামে, যেখানে সংক্রমণ রোধ হয়। আমাদের রাজনীতির ক্ষেত্রটিও আজ একই রোগে আক্রান্ত। রাজনীতিকরা সবচেয়ে কম শেখেন। ক্ষমতার বাইরে থাকলে তারা যতটা সদাচরণ, ন্যায়নীতির কথা বলেন, ক্ষমতার গন্ধ পেতেই কেন যেন সেই সদাচরণ বিলীন হয়ে যায়। ক্ষমতা মানুষকে শুধু দুর্নীতিপরায়ণই করে না, তাকে সংকীর্ণ করে ফেলে। অথচ রাজনীতি মানে ছিল বৃহৎ হৃদয়, ছিল সেবার শপথ। সময় কখনো কারো জন্য স্থায়ী থাকে না। এখন যার রাত চলছে, সে জানে না সামনে ভোর অপেক্ষা করছে। আবার যার দিন, তার জন্যও সময় নিয়ে অপেক্ষায় থাকতে পারে দুর্দিন। পরিবর্তন অবশ্যম্ভাবী। একে অস্বীকার করার সাধ্য কারো নেই। এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি মানুষের বিবেক। দুঃখজনকভাবে, আজ মানুষ যেন আর সুস্থ বিবেকের অনুগত থাকতে চায় না। মানুষ এখন বিশৃঙ্খলা ভালোবাসে, হিং¯্রতা লালন করে, স্বার্থের পেছনে অন্ধ হয়ে ছুটে চলে। মনে রাখতে হবে, যে যত ওপরে ওঠে, তার জন্য ডুবে যাওয়ার ঝুঁকিটাও তত বেশি। এই পৃথিবীতে প্রতিষ্ঠিত কিছু অনিবার্য নীতি রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম-ন্যায়, সংযম, মানবতা ও বিবেক। যদি মানুষ এসবের বাধ্যগত হতো, তাহলে সমাজে এত ঘৃণা, সহিংসতা, বিভাজন থাকত না। তাই আসুন, প্রতিহিংসা নয়-ভালোবাসা বেছে নিই। অতীত যন্ত্রণাকে ভবিষ্যতের পাথেয় নয়, বরং শিক্ষা হিসেবে গ্রহণ করি। উদ্যোগটা হোক আপনার, আমার, আমাদের-একসঙ্গে।

লেখক: রাজু আহমেদ; প্রাবন্ধিক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com