1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজারে ৪টি সংসদীয় আসনে জমে উঠেছে ভোটের লড়াই, সালাহউদ্দিন, শাহাজান, কাজলসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ - দৈনিক আমার সময়

কক্সবাজারে ৪টি সংসদীয় আসনে জমে উঠেছে ভোটের লড়াই, সালাহউদ্দিন, শাহাজান, কাজলসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী উত্তাপ ছড়াতে শুরু করেছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল পর্যন্ত বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থী সহ মিলিয়ে মোট ১০ জন চারটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জানিয়ে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আজিজ।
নির্বাচন অফিস সূত্র জানায়, সবচেয়ে আলোচিত কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসন থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রাজনৈতিক ব্যস্ততার কারণে তিনি সশরীরে উপস্থিত না থাকলেও তার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন, তার প্রেস সচিব মো. ছাফওয়ানুল করিম। একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সরওয়ার আলম কুতুবী এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেন।
কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক মনোনয়নপত্র নেন।
কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও) আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন, কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী। একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নেন মোহাম্মদ আব্দুল্লাহ এবং ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নেন আলহাজ্ব হাফেজ মাওলানা নুরুল হক।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নান গণমাধ্যমকে জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কক্সবাজার জেলার চারটি আসনেই এবারের নির্বাচন বিএনপি ও জমায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানের লড়াই। বিশেষ করে সালাহউদ্দিন আহমেদের মতো জাতীয় পর্যায়ের প্রভাবশালী নেতার কক্সবাজার-১ আসনে সরাসরি নির্বাচনী মাঠে নামার উদ্যোগ বিএনপির সাংগঠনিক শক্তি ও কেন্দ্রীয় কৌশলের ইঙ্গিত দিচ্ছে।
তাছাড়া কক্সবাজার-২ আসনে জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. হামিদুর রহমান আযাদ।
দীর্ঘদিন পর অভিজ্ঞ ও পরিচিত নেতাদের পুনরায় মনোনয়ন সংগ্রহ দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে চাঙাভাব তৈরি করেছে। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের চারটি আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত দলটির ভোটব্যাংক পরীক্ষার পাশাপাশি বড় দলগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
তাছাড়া নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয় নিয়ে আসা নতুন রাজনৈতিক দল এনসিপিও লড়বেন জেলার ৩টি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে।
আজ নয়’তো বা কাল দলটির প্রার্থীগণ মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন।
রাজনীতি সচেতনদের মতে, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতি কয়েকটি আসনে ভোট বিভাজনের সম্ভাবনা তৈরি করতে পারে।
এতে প্রতিদ্বন্দ্বিতা হবে বহুমুখী এবং শেষ পর্যন্ত ফল নির্ভর করবে মাঠপর্যায়ের সংগঠন, ভোটার উপস্থিতি এবং নির্বাচনী পরিবেশের ওপর।
কক্সবাজার-৪ আসনটি বরাবরের মতো এবারও সবচেয়ে সংবেদনশীল হিসেবে বিবেচিত হচ্ছে। রোহিঙ্গা সংকট, সীমান্ত নিরাপত্তা ও স্থানীয় উন্নয়ন ইস্যু এখানে ভোটের গুরুত্বপূর্ণ নিয়ামক হতে পারে।
অন্যদিকে কক্সবাজার-৩ আসনে নগরভিত্তিক ভোট ও প্রশাসনিক কেন্দ্র থাকায় প্রচারণা ও জনমত গঠনের প্রভাব তুলনামূলক বেশি থাকবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর কক্সবাজারে প্রকৃত অর্থেই নির্বাচনী লড়াইয়ের চিত্র স্পষ্ট হবে বলে সচেতন ভোটারা মনে করছেন।
নির্বাচনী তফসিল মনোনয়ন দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর  ৪ জানুয়ারি, যাচাই-বাছাই (কক্সবাজার জেলা) ২ ও ৩ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।
এদিকে কক্সবাজার-এর রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রচারিত এক গণবিজ্ঞপ্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার ৪টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তারিখ ও সময় ঘোষণা করা হয়েছে। এ বিজ্ঞপ্তি অনুযায়ী কক্সবাজার-১ আসনে ২ জানুয়ারি শুক্রবার বিকাল ৩ টায়, কক্সবাজার-২ আসনে একইদিন বিকাল ৪টায়, কক্সবাজার-৩ আসনে ৩ জানুয়ারি শনিবার সকাল ১১টায় এবং কক্সবাজার-৪ আসনে ওইদিন দুপুর ১২টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com