1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
এশিয়ান গেমসে লাল সবুজের পতাকা উড়াবে দেশের প্রথম নারী সার্ফার কক্সবাজারের ফাতেমা - দৈনিক আমার সময়

এশিয়ান গেমসে লাল সবুজের পতাকা উড়াবে দেশের প্রথম নারী সার্ফার কক্সবাজারের ফাতেমা

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
সমুদ্রের বিশাল ঢেউকে সঙ্গী করে নতুন ইতিহাসের পথে এগিয়ে চলেছেন কক্সবাজারের কিশোরী ফাতেমা আক্তার।
কক্সবাজার সমুদ্রসৈকতের ঢেউয়ে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করে নিজেকে প্রস্তুত করছে দশম শ্রেণির এই শিক্ষার্থী।
লক্ষ্য একটাই—আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা তুলে ধরা। চলতি মাসের সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসে সার্ফিংয়ে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন ফাতেমা। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সার্ফিং প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে নতুন মাইলফলক গড়ার অপেক্ষায় রয়েছে ফাতেমা।
জানা গেছে, বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতেমা আক্তারের পৈতৃক বাড়ি দ্বীপ উপজেলা মহেশখালীতে। জীবিকার তাগিদে তার পরিবার অনেক আগেই মহেশখালী থেকে কক্সবাজার শহরে চলে আসে। বর্তমানে তারা কক্সবাজার শহরের কলাতলী এলাকায় বসবাস করছেন।
চার ভাই-বোনের মধ্যে ফাতেমা তৃতীয়।
সুবিধাবঞ্চিত ও সাধারণ একটি পরিবার থেকে উঠে আসা ফাতেমার জন্য সার্ফিংয়ের পথটা সহজ ছিল না। সামাজিক নানা বাধা ও প্রতিকূলতার পাশাপাশি ছিল কঠিন প্রশিক্ষণ আর প্রতিদিনের সংগ্রাম। তবে কোনো বাধাই তার স্বপ্নকে থামাতে পারেনি, বরং প্রতিটি চ্যালেঞ্জ তাকে আরও দৃঢ় করেছে। এই যাত্রায় মেয়ের পাশে সবচেয়ে বড় শক্তি হয়ে ছিলেন তার মা।
২০২৬ সালের এশিয়ান গেমসে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে সার্ফিং। আর এই ডিসিপ্লিনে প্রথমবারের মতো অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। দেশের প্রথম নারী সার্ফার হিসেবে এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করে ইতোমধ্যেই ইতিহাস গড়েছেন ফাতেমা। এখন তার চোখ জাপানের আন্তর্জাতিক মঞ্চে। সমুদ্রের উত্তাল ঢেউ কেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা আরও উঁচুতে তুলে ধরার স্বপ্ন দেখছেন তিনি।
ফাতেমা বর্তমানে ‘বাংলাদেশ সার্ফ গার্লস অ্যান্ড বয়েজ ক্লাব’-এর প্রধান কোচ রাশেদ আলমের তত্ত্বাবধানে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন। অনুশীলনে তার সঙ্গী সহ-সার্ফার মোহাম্মদ মান্নান। কক্সবাজারের উত্তাল সাগরের ঢেউ জয় করেই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নিজের দক্ষতা ও সক্ষমতা বাড়িয়ে চলেছে সে। ফাতেমার এ অর্জনকে বাংলাদেশের নারী সার্ফিংয়ের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হিসেবে দেখছেন ক্রীড়াসংশ্লিষ্টরা।
তাদের মতে, প্রতিকূলতা পেরিয়ে উঠে আসা কক্সবাজারের এই তরুণীর আন্তর্জাতিক অঙ্গনে পদার্পণ শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, দেশের নারী ক্রীড়াবিদদের জন্যও এটি অনুপ্রেরণার গল্প।
এশিয়ান গেমসের বড় মঞ্চে এবার ফাতেমার সামনে নতুন চ্যালেঞ্জ। কক্সবাজারের সৈকত থেকে জাপানের আন্তর্জাতিক মঞ্চ—সাগরের ঢেউ পেরিয়ে লাল-সবুজের পতাকা নিয়ে সেই স্বপ্নপূরণের অপেক্ষায় এখন এই কিশোরী।
ফাতেমা বলেন, “ছোটবেলায় সার্ফারদের পেছন পেছন আমিও সমুদ্রসৈকতে চলে আসতাম। মা আসতে দিতে চাইতেন না, তাই অনেক সময় লুকিয়েই চলে আসতাম সার্ফিং শেখার জন্য। তখন হয়তো জানতাম না সার্ফিং আমাকে কোথায় নিয়ে যাবে, শুধু ঢেউয়ের প্রতি একটা অদ্ভুত টান অনুভব করতাম।”
তিনি বলেন, “মেয়ে হয়ে সার্ফিং করি বলে অনেকেই আমাকে তুচ্ছতাচ্ছিল্য করত। কিন্তু থেমে যাইনি। আমার স্বপ্ন নিয়ে আমি এগিয়ে চলেছি। সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়ান গেমসে নাম উঠেছে, লাল সবুজের পতাকা উড়বে, এই অনুভুতি প্রকাশ করা মত নয়। ”
ফাতেমার সতীর্থ মোহাম্মদ মান্নান বলেন, “ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ভিন্নধর্মী কিছু করার। কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়াই নিজেদের অদম্য ইচ্ছাশক্তিতে আজ এশিয়ান গেমসের মঞ্চে যাওয়ার সুযোগ হয়েছে।”
জানা গেছে, জাপানের আইচি ও নাগোয়া শহরকে কেন্দ্র করে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। এর মধ্যে সার্ফিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আইচি প্রিফেকচারের তাহারা সিটির প্যাসিফিক লং বিচ ও আকাবানে লং বিচে। সার্ফিংয়ের ইভেন্টগুলো ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com