অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বর্তমানে তিনি শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম’ (এনআইসিটিএফ)-এর নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সংগঠনটির নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে আনুষ্ঠানিকভাবে তাকে এনআইসিটিএফ-এর উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর দেশ-বিদেশের শিক্ষাঙ্গন ও গবেষণায় এক পরিচিত নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক ও ১৯৮৭ সালে স্নাতকোত্তর শেষ করে ২০০৩ সালে জাপানের টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন , টোকিওতে অবস্থানকালে তিনি নোবেলবিজয়ী বিজ্ঞানী অধ্যাপক ইয়োশিনোরি ওসুমির সাথে যৌথ গবেষণা পরিচালনা করেন। এছাড়া তিনি ইউনাইটেড ইউনিভার্সিটিতেও গবেষণা সম্পন্ন করেছেন।
১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করে ২০০৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন ড. শেখর। পরবর্তীতে ৩০ অক্টোবর ২০২৪ থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে তিনি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন।
গবেষণা ও সামাজিক অঙ্গনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যুক্ত আছেন। বর্তমানে তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘কনজুমার ট্রেইনিং অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি’ (ভোক্তা)-র সভাপতি এবং ‘বাংলাদেশ সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি’-র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক জার্নাল ‘বায়ো রিসার্চ কমিউনিকেশনস’-এর প্রধান সম্পাদক তিনি। পাশাপাশি ‘প্লস ওয়ান’, ‘ফ্রন্টিয়ার্স ইন মলিকুলার বায়োসাইন্সেস’, ‘বায়োমেড রিসার্চ ইন্টারন্যাশনাল’ এবং স্প্রিঞ্জারের ‘ডিসকভার টক্সিকোলজি’-র মতো শীর্ষস্থানীয় সাময়িকীর সম্পাদনা পর্ষদে কাজ করছেন তিনি। খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ‘গ্লোবাল ফোরাম অন ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন’-এরও তিনি একজন সক্রিয় সদস্য।
দেশি-বিদেশি বিভিন্ন সাময়িকীতে তার ১১০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তার রচিত বইগুলোর মধ্যে ‘ফাংশনাল ফুডস ফ্রম বাংলাদেশ’ এবং স্প্রিঞ্জার থেকে প্রকাশিত যৌথ সম্পাদনার গ্রন্থ ‘বায়োটেকনোলজিক্যাল অ্যাডভান্সেস ইন হেলথোমিক্স’ উল্লেখযোগ্য। গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত “Distinguished Scholar Recognition 2026” অনুষ্ঠানে তিনি বিশেষ সম্মাননায় ভূষিত হন।
Leave a Reply