রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশের এলাকায় দালাল ধরতে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
১০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় আজ দুপুরে র্যাব-২ অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন দালালকে আটক করে। দালালদের কারণে বিভিন্নভাবে হয়রানির শিকার হন পাসপোর্ট আবেদনকারীরা বলেও জানান একজন পাসপোর্ট সংগ্রহকারী। অভিযোগ আছে, জরুরি প্রয়োজনে পাসপোর্ট করতে গেলে দালালের খপ্পরে পড়ে অনেক সময় অতিরিক্ত অর্থ গুনতে হয় আবেদনকারীদের।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম সাংবাদিকদের বলেন, রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশের এলাকায় দালালদের বিরুদ্ধে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে।
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও নিশ্চিত করেন র্যাবের এই কর্মকর্তা।
উল্লেখ্য, চলতি বছরের ২ ফেব্রুয়ারি আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সে সময় প্রায় তিন ঘণ্টা চলে ওই অভিযান।
Leave a Reply