অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ সম্পূর্ণরূপে একটি অরাজনৈতিক ও অভিনয় পেশাজীবীদের কল্যাণমুখী সংগঠন বলে জানিয়েছে সংস্থাটি। কোনো সদস্যের ব্যক্তিগত রাজনৈতিক কর্মকাণ্ড বা মন্তব্যের দায় সংগঠন নেবে না বলে পুনর্ব্যক্ত করার পাশাপাশি সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া অভিনয়শিল্পীদের সুবিচারের দাবি জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।
গত ২১ নভেম্বর ২০২৬ তারিখে সংগঠনটির সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছিল যে, কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক আদর্শের অনুসারী হলে, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে, রাজনৈতিক মতামত প্রকাশ করলে অথবা সরাসরি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বা হিংসাত্মক কোনো মন্তব্য বা কনটেন্ট শেয়ার বা প্রচার করলে তা সম্পূর্ণভাবে তাঁর ব্যক্তিগত দায়িত্ব ও মতামত হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের নীতি, অবস্থান ও কার্যক্রমের কোনো সম্পর্ক নেই।
সংগঠনটি জানায়, তারা কেবল সদস্যদের পেশাগত শৃঙ্খলা ও কল্যাণ সাধনে অগ্রণী ভূমিকা রাখতে সচেষ্ট এবং ২১ নভেম্বরের বিবৃতির মাধ্যমে সকল সদস্যকে বিষয়টি পুনরায় অবহিত করা হয়েছে।
এছাড়া সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া সকল অভিনয়শিল্পীর প্রতি সুবিচার নিশ্চিত করা হবে—সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে এমন আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ আইনের শাসনের প্রতি সর্বদা আস্থাশীল ও শ্রদ্ধাশীল। একই সঙ্গে সব ধরনের সহিংসতা ও অসহিষ্ণুতার পরিবর্তে একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করে সংগঠনটি।
Leave a Reply