শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে রংপুর নগরীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও ধর্মসভার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান। মন্দির পরিদর্শনকালে ১০ লাখ টাকার চেক প্রদান করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী মন্দিরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান মন্দির কমিটির সভাপতি ভবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি রামজীবন কুণ্ডু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় এবং মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগসহ সংশ্লিষ্ট নেতারা।
মন্দিরে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। পরে পূজামণ্ডপ পরিদর্শন করে ভক্ত ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁকে একনজর দেখতে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি দেখা যায়।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছেন। দেশের উন্নয়ন ও গঠনেও সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এর আগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হন। পথে তারাগঞ্জের চৌপতি ও পাগলাপীর এলাকায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রংপুর নগরী ও সৈয়দপুর-রংপুর মহাসড়কের বিভিন্ন স্থানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম রংপুর সফর।
প্রধানমন্ত্রীর এ সফরে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান এবং সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণে দেশ গঠনের বার্তা গুরুত্ব পেয়েছে।
Leave a Reply