অর্থের অভাবে চিকিৎসা করানো কঠিন এমন মানুষের জন্য একদিনের জন্য যেন স্বস্তির ঠিকানা হয়ে উঠেছিল নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি পুরাতন হাটপাড়া। সেখানে দুস্থ, ভূমিহীন ও চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য আয়োজন করা হয় বিনামূল্যে চক্ষু, ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প।
ফিউচার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এফডিও) উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ২০০ জন চক্ষু পরীক্ষা, ২১২ জন ডায়াবেটিস পরীক্ষা এবং ১১০ জন রক্তের গ্রুপ নির্ণয়ের সেবা পেয়েছেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সীমিত পরিসরে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।স্থানীয় মানুষের কাছে এ আয়োজন ছিল শুধু চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ নয়, অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রয়াস। চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাওয়া মানুষের অনেকে বাড়ির কাছেই প্রয়োজনীয় পরীক্ষা ও পরামর্শের সুযোগ পান।
এ উদ্যোগের সার্বিক সহযোগিতায় ছিলেন সমাজসেবক মোক্তাদির আহমেদ রাসেল। স্থানীয়ভাবে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাসেল এ ধরনের উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করছেন বলে আয়োজকেরা জানান। তাঁর সহযোগিতায় প্রত্যন্ত এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এ আয়োজন আরও সহজ হয়েছে।আয়োজকেরা বলেন, প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। সবার জন্য স্বাস্থ্যসেবা, সবার জন্য মানবিক সহায়তা এই ভাবনা থেকেই ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।
Leave a Reply