কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তৈল বিক্রিকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। সরকারি খাল ও উপকূলীয় নৌপথ ঘেঁষে গড়ে ওঠা একাধিক অনুমোদনহীন তেল বিক্রয়কেন্দ্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। উপজেলা প্রশাসনের অভিযানে এসব কেন্দ্র সিলগালা করার পরও কয়েকটি কেন্দ্র ফের চালু হওয়ার অভিযোগ উঠেছে।
একই সঙ্গে স্থানীয়দের অভিযোগ, এসব কেন্দ্রের কয়েকটি থেকে নৌপথে জ্বালানি তৈল পাচারের কার্যক্রম চলে আসচ্ছে। তৈল পাচারের অভিযোগে বাংলাদেশ কোস্ট গার্ডের বিভিন্ন সময়ে অভিযান সহ আটকের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে প্রশ্ন উঠেছে প্রশাসনের অভিযান, সিলগালা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পরও কীভাবে একই এলাকায় আবারও তৈল বিক্রির কার্যক্রম চালু হচ্ছে?
অন্যদিকে, অনুমোদনহীন কেন্দ্র বন্ধের ফলে তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকার শত শত ফিশিং বোট ও ট্রলার মালিক জ্বালানি সংগ্রহে সমস্যায় পড়েছেন। তাদের দাবি, অবৈধ কেন্দ্র বন্ধের পাশাপাশি এলাকায় বৈধ ও নিরাপদ জ্বালানি সরবরাহের ব্যবস্থা না থাকায় জেলেদের দুর্ভোগ বেড়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গেল ১৯ আগস্ট কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা সরকারি খাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্সবিহীন পাঁচটি ভাসমান তৈল বিক্রয়কেন্দ্র ও একটি তৈলের দোকানসহ মোট ছয়টি কেন্দ্র সিলগালা করা হয়। একই অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের এই অভিযানের পর কিছুদিন তৈল বিক্রি বন্ধ ছিল বলে স্থানীয়রা জানান। কিন্তু পরবর্তীতে সিলগালা করা কয়েকটি কেন্দ্রের তালা ভেঙে নতুন করে কার্যক্রম শুরুর অভিযোগ ওঠে।
সরেজমিনে কুতুবজোম-ঘটিভাঙ্গা সেতুর নিচে গিয়ে দেখা যায়, বিএনপি নেতা শাহেদ খানের মালিকানাধীন মেসার্স মদিনা ট্রেডিং-এর সিলগালা করা স্থাপনায় তালা খোলা দেখা যাচ্ছে । সেখানে থাকা এক কর্মচারী জানান, কয়েক দিন আগে তালা খোলা হয়েছে।
তবে তৈল বিক্রির অভিযোগ অস্বীকার করে ওই কর্মচারী দাবি করেন, আগের হিসাবপত্র দেখার জন্য তালা খোলা হয়েছে; তৈল বিক্রি করা হচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ, তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় একাধিক ব্যক্তির মালিকানাধীন ও নিয়ন্ত্রিত তৈল বিক্রয়কেন্দ্র রয়েছে। সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, রুকন উদ্দিন, রিমন মেম্বার, নজরুল ইসলাম ও জয়নালের মালিকানাধীন কয়েকটি কেন্দ্রের বিরুদ্ধেও নিয়মিত তৈল পাচারের অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিযোগকারীদের দাবি, স্থানীয়ভাবে এসব কেন্দ্র থেকে নৌযানে জ্বালানি তৈল সরবরাহ করা হয় এবং এর একটি অংশ নৌপথে অন্যত্র পাচারের সঙ্গে যুক্ত হতে পারে।
তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা ও আশপাশের উপকূলীয় নৌপথে জ্বালানি তৈল, সিমেন্ট সহ বিভিন্ন মালামাল পাচারকালে বেশ কয়েকটি ফিশিং বোট জব্দ করেছিল বিভিন্ন সময়ে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব অভিযানে তৈল পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করার ঘটনাও রয়েছে বলে স্থানীয়দের দাবি।
তৈল বিক্রয়কেন্দ্রগুলোর অবস্থান নিয়েও রয়েছে প্রশ্ন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকটি কেন্দ্র সরকারি খাল ও নৌপথসংলগ্ন এলাকায় ভাসমান বা অস্থায়ী স্থাপনার মাধ্যমে পরিচালিত হচ্ছে। সেখানে দাহ্য পদার্থ হিসেবে জ্বালানি তৈল সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে অগ্নিনিরাপত্তা এবং পরিবেশগত ঝুঁকি রয়েছে।
স্থানীয় সমাজকর্মী মহি উদ্দিন বলেন, শুধু অভিযান চালিয়ে তৈলকেন্দ্র সিলগালা করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। একই সঙ্গে জ্বালানি বাণিজ্যের পুরো ব্যবস্থাপনা তদন্ত করা প্রয়োজন।
কোন কেন্দ্রের মালিক কে, কোথা থেকে জ্বালানি সংগ্রহ করা হয়, কী পরিমাণ তৈল আসে, কোথায় বিক্রি হয়, নৌপথে কীভাবে পরিবহন করা হয় এবং কোনো অংশ অবৈধভাবে দেশের বাইরে বা অন্যত্র পাচার হচ্ছে কি না এসব বিষয় খতিয়ে দেখা দরকার।
একই সঙ্গে বৈধ ব্যবসায়ী ও সাধারণ জেলেদের জন্য একটি অনুমোদিত জ্বালানি সরবরাহ ব্যবস্থা চালু করা গেলে একদিকে যেমন নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে, অন্যদিকে অনুমোদনহীন তেল ব্যবসার সুযোগও কমবে।
কুতুবজোমের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গার জ্বালানি বাণিজ্য তাই এখন শুধু একটি-দুটি তৈল বিক্রয়কেন্দ্রের বৈধতা নিয়ে প্রশ্ন নয়; এর সঙ্গে জড়িয়ে আছে উপকূলের জেলেদের জীবিকা, সরকারি সম্পদ ব্যবস্থাপনা, অগ্নিনিরাপত্তা, নৌপথের নিরাপত্তা এবং তৈল পাচারের অভিযোগ। ফলে সিলগালা ভেঙে পুনরায় কার্যক্রম শুরুর অভিযোগটি কতটা সত্য, কারা এর সঙ্গে জড়িত এবং কীভাবে বছরের পর বছর এই বাণিজ্য চলছে—তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া জরুরি।
একটি দুর্ঘটনা ঘটলে আগুন দ্রুত নৌযান ও আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
তাই শুধু তৈল বিক্রির অনুমোদন রয়েছে কি না—এটি দেখলেই হবে না; অগ্নিনিরাপত্তা, পরিবেশ, নৌযান নিরাপত্তা, সরকারি জায়গা ব্যবহারের অনুমতি এবং জ্বালানি সংরক্ষণের বৈধতাও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
এখানে সমস্যার আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে।তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকার শত শত মাছ ধরার ট্রলার ও ফিশিং বোট নিয়মিত বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এসব নৌযানের জন্য বিপুল পরিমাণ ডিজেল প্রয়োজন।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় অনুমোদিত কোনো জ্বালানি সরবরাহকেন্দ্র না থাকায় অবৈধ কেন্দ্রগুলো বন্ধ হওয়ার পর জেলেদের দূরের এলাকা থেকে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে।
এতে বাড়ছে পরিবহন ব্যয় ও সময়। অনেক সময় নির্ধারিত সময়ে সাগরে যেতে না পারায় মাছ ধরার কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
তাজিয়াকাটার জেলে মোহাম্মদ পারভেজ বলেন, এত বছর ধরে আমরা এই ঘাটের পাম্প থেকে তেল নিয়ে সাগরে যাচ্ছি। এখন প্রশাসন বন্ধ করায় বিভিন্ন জায়গা থেকে তেল সংগ্রহ করে সাগরে যেতে হচ্ছে। কিছুদিন তারা এসব খুললেও আমাদের কষ্ট শেষ হচ্ছে না। আমরা এত কিছু বুঝি না, টাকা দিয়ে তেল কিনি। এখানে বৈধ কোনো পাম্প স্থাপন করলে আমাদের জন্য ভালো হয়।
প্রশাসনের অভিযানে ছয়টি কেন্দ্র সিলগালা করা হলেও পরবর্তীতে কোনো কোনো কেন্দ্র পুনরায় খোলার অভিযোগ উঠেছে। সিলগালা ভাঙার পরও যদি সেখানে তৈল বিক্রি হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?
সিলগালা একটি প্রশাসনিক কার্যক্রম। এটি ভেঙে পুনরায় কার্যক্রম পরিচালনা করা হলে বিষয়টি কেবল অনুমোদনহীন ব্যবসার মধ্যে সীমাবদ্ধ থাকে না; প্রশাসনিক আদেশ অমান্যের বিষয়ও সামনে আসে।
স্থানীয় সচেতন মহলের দাবি, সিলগালা করা প্রতিটি কেন্দ্রের বর্তমান অবস্থা সরেজমিনে যাচাই করে প্রশাসনের একটি তালিকা করা উচিত। পাশাপাশি কেন্দ্রগুলোর মালিকানা, লাইসেন্স, জ্বালানি সংরক্ষণের অনুমতি এবং পূর্বের জরিমানা বা মামলার তথ্যও প্রকাশ করা দরকার।
অভিযোগের বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম বলেন, তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ভাসমান তেলের দোকানগুলো সিলগালা করা হয়েছিল। কেন্দ্রগুলো পূর্ণরায় চালু হওয়ার বিষয়টি নিয়ে তিনি অবগত নন।
তিনি বলেন, সিলগালা করার পর যদি তারা পূর্ণরায় কার্যক্রম চালু করে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ বলেন,সিলগালা ভেঙে যারা তৈল বিক্রি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান বলেন,অনুমোদনহীনভাবে তৈল বিক্রি, একই সঙ্গে তৈল পাচারের অভিযোগে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply