কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল দোলনচাঁপা ছাত্রী হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরিফা (২১) নামে এক নারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার শরিফা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কক্সবাজার দক্ষিণের টেকনাফের হ্নীলা এলাকায়। ইতিমধ্যে সরকারি কলেজের হোস্টেল থেকে একজন ছাত্রীসহ ২০ হাজার ইয়াবার চালান উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান চালানো হয়।
এ সময় শরিফার হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফা পুলিশকে জানিয়েছেন, হ্নীলা থেকে তার এক আন্টি পার্সেলের মাধ্যমে ইয়াবাগুলো পাঠিয়েছিলেন। পরে ইয়াবাগুলো তার হেফাজতে রাখা হয়।
শেখ মোহাম্মদ আলী আরও বলেন, এই ঘটনায় একটি চক্র জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
বিষয়টি যাচাই-বাছাই করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগ উঠেছে, সরকারি কলেজের মহিলা হোস্টেলটির আবাসিক ছাত্রীদের নিয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো তদারকিই নেই। হোস্টেলে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। এ সুযোগে দীর্ঘদিন ধরে হোস্টেলটির পরিবেশ চলছে যেনতেনভাবে।
এসব ব্যাপারে বিস্তারিত তথ্য জানার জন্য রাতে কলেজ অধ্যক্ষ এবং হোস্টেল সুপারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কেউই মোবাইল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায় নি।
Leave a Reply