গ্রামীণ অর্থনীতিকে চাঙা করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার সকালে লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্ত করার পর তিনি এসব কথা বলেন।
জেলা মৎস্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে পুকুরে অবমুক্ত করার জন্য মাছের পোনা বিতরণ করা হয়।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর দূরদর্শী চিন্তা থেকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলেন। তাঁর ভাষায়, সেটি ছিল একটি আন্দোলন, একটি বিপ্লব। এর ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শেষ করতে নতুন কর্মসূচি নেওয়া হয়েছে।
এ্যানি বলেন, দলমত–নির্বিশেষে সবাই এসব কর্মসূচিকে অগ্রাধিকার দিলে অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙা করা সম্ভব। বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং এ দেশের মানুষের সঙ্গে মাছের নিবিড় সম্পর্ক রয়েছে। প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
পানিসম্পদমন্ত্রী বলেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। এর মধ্যে পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর বৃক্ষরোপণ কর্মসূচি এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখননের উদ্যোগ রয়েছে। গ্রামীণ অবকাঠামোকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
রহমতখালী খালকে লক্ষ্মীপুরের প্রাণ উল্লেখ করে এ্যানি বলেন, খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ অব্যাহত রয়েছে। খালে থাকা কচুরিপানা পরিষ্কার করা হয়েছে এবং বর্তমানে পানির প্রবাহ রয়েছে। এরই অংশ হিসেবে আজ খালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply