দেশের বিভিন্ন স্থানে থেকে হারিয়ে যাওয়া ২৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছেন বরিশালের ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। ২২ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক অনুষ্ঠানে প্রকৃত মালিকদের হাতে মোবাইল ফোনগুলো তুলে দেন অধিনায়ক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-অধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন। মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি প্রকৃত মালিকরা। বরিশালের বন্দর থানাধীন এলাকার মাহফুজা বলেন, আমার মোবাইল ফোনটি হারিয়ে যাওয়ার পর কেউ বলেনি ফিরে পাবো, তাই ফিরে পাওয়ার কথা মাথায় আসেনি। নতুন মোবাইলও কিনে ফেলেছিলাম কিন্তু যখন জানতে পারলাম প্রায় ২ মাসের মাথায় আমার সেটটি পাওয়া গেছে তখন খুব খুশি হয়েছি। আজ তো বিনা খরচে ফোনটি হাতে পেলাম এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। অধিনায়ক বলেন, ফোনগুলো পাওয়া বা নেওয়ার পর প্রকৃত পক্ষে কয়েক হাত ঘুরেছে। একটি ফোন আমরা ১০ জন মানুষের হাত পরিবর্তন হওয়ার পর পেয়েছি। তাই প্রকৃত দোষীদের খোঁজ পাওয়া যায়নি। তবে হারিয়ে যাওয়া ফোনগুলো সময় যত যাবে তত ফিরে পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই আপনারা ব্যবহৃত সেট কেনার আগে অবশ্যই কাগজপত্র যাচাই করে নেওয়া উচিত। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম, ইন্সপেক্টর শাহ ফয়সাল আহমেদ সহ অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখা ও সাইবার অপরাধ সেলের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
Leave a Reply