ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে জিম্মি করে মারধর ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার আমতলী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চান্দুরা ইউনিয়নবাসী ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ এ কর্মসূচির আয়োজন করেন। এতে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাসার গাজী, সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা জানান, ১০ মে সকালে বাড়ি থেকে বিকাশে টাকা পাঠানোর কথা বলে ব্যবসায়ী রূপক রায়কে ডেকে নেয় আসামি আনোয়ার হোসেন। পরে তাকে জিম্মি করে মুক্তিপণ দাবি করা হয়।
বক্তারা রূপক রায়ের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং অভিযুক্ত কাজী আনোয়ার হোসেন ও কাজী ছানোয়ার রহমানসহ সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply