1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শরীয়তপুরে অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত - দৈনিক আমার সময়

শরীয়তপুরে অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

মো. ফারুক হোসেন  জেলা প্রতিনিধি, শরীয়তপুর
    প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত একটি সিসা উৎপাদনকারী কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার মহিষকান্দি এলাকায় কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে কারখানাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কে.এম রাফসান রাব্বি। এ সময় প্রশাসনের সহযোগিতায় এস্কেভেটরের মাধ্যমে অবৈধ স্থাপনাটি ভেঙে ফেলা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মহিষকান্দি এলাকার সুমন দালাল নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদন করে আসছিলেন। বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করা পুরাতন ব্যাটারি প্রক্রিয়াজাত করে সেখান থেকে সিসা বের করে তা বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করা হতো। এ প্রক্রিয়ায় এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ ছড়িয়ে পড়ে এবং বিষক্রিয়ার কারণে গবাদিপশুর মৃত্যুর অভিযোগও উঠে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এর আগেও কারখানাটিতে অভিযান চালিয়ে বন্ধ করে জরিমানা করা হয়েছিল। কিন্তু প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে রাতের আঁধারে পুনরায় কার্যক্রম চালু রাখে কারখানা কর্তৃপক্ষ। ফলে পুনরায় অভিযান চালিয়ে এবার সম্পূর্ণরূপে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর-এর সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, সিসাদূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। এটি কৃষি উৎপাদন ও প্রাণিসম্পদের ওপরও গুরুতর বিরূপ প্রভাব ফেলে। পূর্বে ব্যবস্থা নেওয়ার পরও কারখানাটি গোপনে চালু থাকায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক কে.এম রাফসান রাব্বি জানান, কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের মতো ঝুঁকিপূর্ণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। অভিযানে কারখানাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে এবং সংশ্লিষ্ট ভূমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com