চট্টগ্রামে র্যাব-৭ এর সন্ত্রাসবিরোধী অভিযানে একাধিক মামলার পলাতক ও অস্ত্রধারী সন্ত্রাসী সাদ্দাম হোসেন ওরফে গলাকাটা বাচা কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও ভূমি দখলসহ নানা গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তার সন্ত্রাসী কর্মকাণ্ডে চট্টগ্রাম মহানগরী ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন গলাকাটা বাচা স্থানীয় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী এবং তার বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সাদ্দাম হোসেন সীতাকুণ্ড থানার দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান করছে। এরই পরিপ্রেক্ষিতে গত ৩ এপ্রিল ২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে র্যাব-৭ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন (৩৭) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনীর বাসিন্দা।
র্যাব আরও জানায়, সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, চকবাজার, ডাবল মুরিং, বায়েজিদ বোস্তামী, আকবর শাহ ও সীতাকুণ্ড থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, চুরি, মাদক ব্যবসা, ছিনতাই, নাশকতা ও ভূমি দখলসহ অন্তত ৭টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাঁচলাইশ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা যায়।
Leave a Reply