ঢাকা–ময়মনসিংহ রেলপথে গাজীপুরের শ্রীপুরে ট্রেনের চাকার সঙ্গে লাগানো স্প্রিং খুলে যাওয়ায় স্টেশনের প্রায় ২ কিলোমিটার আগে থেমে গেছে মহুয়া এক্সপ্রেস। চলন্ত অবস্থায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও একাধিক ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটেছে। এসময় ভোগান্তিতে পড়ে কয়েক হাজার যাত্রী।
রোববার (২৫ জানুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে শ্রীপুর ও ইজ্জতপুর রেলস্টেশনের মাঝামাঝি বিন্দুবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা থেকে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেসটির শ্রীপুর রেলস্টেশনে পৌঁছানোর কথা ছিল সকাল ১০টা ১৭ মিনিটে।
খোঁজ নিয়ে জানা গেছে, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর আগেই থেমে গেলে কর্মীরা রেললাইনের পাশে পড়ে থাকা খুলে যাওয়া স্প্রিংটি কুড়িয়ে আনেন। স্প্রিংয়ের সঙ্গে থাকা আরেকটি যন্ত্রাংশ স্থানীয় হামিদ মিয়া নামের এক ব্যক্তির বাড়ি থেকে জিআই তার এনে সাময়িকভাবে বেঁধে রাখা হয়। পরে প্রায় সোয়া এক ঘণ্টা ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকার পর নির্দেশনা পেয়ে অত্যন্ত মন্থর গতিতে ট্রেনটি শ্রীপুর রেলস্টেশনে নেওয়া হয়।
এ ঘটনায় মহুয়া এক্সপ্রেস নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি। পাশাপাশি এই ট্রেনটির কারণে ঢাকাগামী ভ্রম্যপুত্র এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়। সব মিলিয়ে অন্তত তিনটি ট্রেনের চলাচলে বিঘ্ন ঘটে।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামীম রহমান বলেন, ‘১২টায় ট্রেনটি স্টেশনে পৌঁছে। পথিমধ্যে যান্ত্রিক ত্রুটি সম্পর্কে অবগত হয়েছি। তবে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। এ ঘটনায় তিনটি ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটেছে।’
Leave a Reply