প্রতিটি বাঙালির রান্নাঘরে আলু এমন একটি সবজি যা প্রায় প্রতিদিনই ব্যবহৃত হয়। ভর্তা থেকে শুরু করে তরকারি—সব ক্ষেত্রেই আলু অপরিহার্য উপাদান। তবে সম্প্রতি পুষ্টিবিদরা সতর্ক করেছেন, আলুর গায়ে সবুজ দাগ দেখা গেলে তা খাওয়া একেবারেই নিরাপদ নয়।
অনেক সময় আলু কাটার পর দেখা যায় তার রং সবুজ হয়ে গেছে। অনেকে ভাবেন, এটি পচে যায়নি, তাই খাওয়ায় ক্ষতি নেই। কিন্তু বিশেষজ্ঞদের মতে, আলুর এই সবুজ দাগের মধ্যেই লুকিয়ে থাকে বিপদ।
পুষ্টিবিদ কবিতা দেবগন জানান, আলুতে সোলানাইন (Solanine) নামক একটি গ্লাইকোঅ্যালকালয়েড যৌগ বিদ্যমান থাকে, যা আলু দীর্ঘ সময় আলোতে পড়ে থাকলে বা অনুপযুক্তভাবে সংরক্ষিত হলে বেড়ে যায়। এই যৌগের মাত্রা বেড়ে গেলে আলুর রং সবুজ হয়।
তার মতে, “বেশি পরিমাণে সবুজ আলু খেলে পেট খারাপ, বমি, মাথাব্যথা কিংবা স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে। এটি শরীরের জন্য টক্সিক।”
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, আলু কেনার সময় ভালোভাবে পরীক্ষা করে দেখা উচিত। যদি আলুর গায়ে সবুজ দাগ দেখা যায়, তবে তা ফেলে দেওয়াই শ্রেয়। আলু সবসময় ঠান্ডা ও অন্ধকার জায়গায় সংরক্ষণ করার পরামর্শও দিয়েছেন তারা।
Leave a Reply