1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে ট্রেনের ইঞ্জিন-বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন - দৈনিক আমার সময়

রংপুরে ট্রেনের ইঞ্জিন-বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

আলামীন রংপুর
    প্রকাশিত : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

রংপুর নগরীর বাবুপাড়া এলাকায় বুড়িমারী থেকে পার্বতীপুরগামী এলআর ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে রংপুর-লালমনিরহাট রুটে কিছু সময় ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের কাজ শুরু হয়।

রংপুর রেলওয়ে স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল মামুন জানান, বুড়িমারী থেকে পার্বতীপুরগামী এলআর ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি রংপুর স্টেশনের ৩ নম্বর লাইনে লাইনচ্যুত হয়েছে। এতে সাময়িকভাবে ৩০ থেকে ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। বর্তমানে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। উদ্ধারকাজ শেষ হলে রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। লালমনিরহাট অঞ্চলের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) ধীমান ভৌমিক জানান, লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের কাজ চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ফারুকুল ইসলাম মানিককে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ, রংপুর রেলস্টেশন ও আশপাশের রেললাইনের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় রয়েছে। কোথাও পর্যাপ্ত পাথর নেই, আবার কোথাও কাঠের স্লিপার পচে গেছে। এসব কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তাদের আশঙ্কা।

ট্রেনের যাত্রী নূর মোহাম্মদ বলেন, ট্রেনটির গতি বেশি থাকলে দুর্ঘটনাটি আরও ভয়াবহ হতে পারত। তবে ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। তিনি বলেন, ‘আল্লাহ সবাইকে রহমত করেছেন।’

তিনি আরও অভিযোগ করেন, রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ এই রেলস্টেশনের কয়েকটি লাইনের মধ্যে একটি লাইনের অবস্থা খুবই খারাপ। পর্যাপ্ত পাথর না থাকা এবং স্লিপার নষ্ট হয়ে যাওয়ায় ঝুঁকি তৈরি হয়েছে। ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে রেললাইনগুলো দ্রুত সংস্কার ও প্রস্তুত রাখার দাবি জানান তিনি।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, চাকা স্লিপ করার পর ইঞ্জিন ও একটি বগি লাইন থেকে পড়ে যায়। পরে সংশ্লিষ্টরা উদ্ধারকাজ শুরু করেন। লাইনে পর্যাপ্ত পাথর না থাকায় এমন দুর্ঘটনা ঘটতে পারে বলেও তিনি দাবি করেন।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত কমিটির প্রতিবেদনের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com