লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলে চরম যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি-মহল্লা—সবখানেই এসব অটোরিকশার দাপটে নিত্যদিন ভোগান্তিতে পড়ছেন পৌরবাসী।
পৌর শহরের টিসি রোড, টি অ্যান্ড টি রোড, আলিয়া মাদ্রাসা মোড়, ওসমান চত্বর ও গোডাউন রোডসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং রোগীবাহী যানবাহনকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা এখন পুরো শহরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলাচল করছে। এসব যানবাহনের জন্য নির্দিষ্ট স্ট্যান্ড নেই, নেই কোনো লাইসেন্স বা শৃঙ্খলা। ফলে যত্রতত্র গাড়ি থামানো হচ্ছে, যা যানজটকে আরও তীব্র করে তুলছে। ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা ও পৌর প্রশাসনের তদারকির ঘাটতিকে পরিস্থিতির জন্য দায়ী করছেন তাঁরা।
একজন অটোরিকশাচালক বলেন, ‘যার গাড়ি আছে, সে-ই রাস্তায় নামছে। কোনো নিয়মকানুন নেই। যেখানে-সেখানে গাড়ি দাঁড় করানোর কারণে যানজট বাড়ছে।’
পৌরবাসীর দাবি, ব্যাটারিচালিত অটোরিকশার জন্য নির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণ, চলাচলে শৃঙ্খলা আনা এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা চালু করতে প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে রায়পুর পৌর প্রশাসক মেহেদী হাসান কাউসার বলেন, ‘যানজট নিরসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply