নেত্রকোনা জেলার বারহাট্টা থানার একটি শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি নুর জামাল মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১৪, ময়মনসিংহের যৌথ আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম উম্মে হাবিবা (৭) নেত্রকোনা জেলার বারহাট্টা থানার শাসনউড়া গ্রামের বাসিন্দা মো. সরিকুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। গত ৩ মার্চ ২০২৬ তারিখে শিশুটির পেটে তীব্র ব্যথা ও বমি দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে ধারণা দেন।
পরবর্তীতে পরিবারের জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, একই গ্রামের বাসিন্দা নুর জামাল মিয়া বিভিন্ন সময় তার সঙ্গে অশোভন আচরণ করে এবং প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে বসতঘরের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নেত্রকোনা জেলার বারহাট্টা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৫, তারিখঃ ১২ মার্চ ২০২৬)।
র্যাব-৭, চট্টগ্রাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি গ্রেফতার এড়াতে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় আত্মগোপনে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ৩০ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১৪, ময়মনসিংহের একটি যৌথ আভিযানিক দল হাটহাজারী থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে নুর জামাল মিয়া (১৭), পিতা- নিজাম উদ্দিন, গ্রাম- শাসনউড়া, থানা- বারহাট্টা, জেলা- নেত্রকোনা’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
Leave a Reply