মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের কচুয়া গ্রামের রাকিবুল ইসলাম রুবেল পর্তুগাল থেকে নবজাতক কন্যা ও পরিবারকে নিয়ে হেলিকপ্টারে নিজ এলাকায় এসে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার গালা ইউনিয়নের কৌড়ি কলেজ মাঠে হেলিকপ্টারটি অবতরণ করলে শত শত উৎসুক মানুষ সেখানে ভিড় করেন।
রাকিবুল ইসলাম রুবেল কচুয়া গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম মাস্টারের ছোট ছেলে। ২০১৭ সালে তিনি জার্মানিতে যান। পরে ২০১৯ সালে পর্তুগালে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বর্তমানে সেখানে রেস্টুরেন্ট ও ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। সম্প্রতি পর্তুগালে তাঁর ছোট মেয়ের জন্ম হয়। প্রথমবারের মতো নবজাতক কন্যাকে নিয়ে তিনি পরিবারসহ দেশে ফিরেছেন।
হেলিকপ্টার থেকে নামার পর স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা ফুল দিয়ে তাঁদের বরণ করে নেন। পরে সেখান থেকে নিজ গ্রামের বাড়িতে যান রুবেল। বাড়িতে আগেই বিশেষ খাবারের আয়োজন করা হয়। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা নবজাতককে দেখতে এবং পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ভিড় করেন।
রুবেলের বাবা আবুল কালাম মাস্টার বলেন, “দীর্ঘদিন পর ছেলে, পুত্রবধূ ও নাতনিকে একসঙ্গে কাছে পেয়ে আমরা খুব আনন্দিত। পরিবারের এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।”
বড় ভাই আব্দুর রাজ্জাক বলেন, ” পরিবার নিয়ে সুস্থভাবে দেশে ফিরতে পেরেছে, এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ।”
স্থানীয় বাসিন্দা নিরব আহমেদ চুন্নু বলেন, “ছোট ভাই রুবেল ছোট মেয়ে নিয়ে দেশে আসছে। ও ছাত্র রাজনীতি করেছে, রাজনৈতিক কারণে তখন এলাকা ছেড়ে ইউরোপের একটি দেশে যায়। এলাকায় এভাবে হেলিকপ্টারে আসেনা তাই সবাই একনজর দেখার জন্য মাঠে ছুটে আসে। পুরো এলাকার অনেকের মাঝে উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল।”
Leave a Reply