1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎চট্টগ্রাম প্রেস ক্লাবে শিক্ষামন্ত্রী, ‎প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ সফল আয়োজনে সাংবাদিকদের সহযোগিতা কামনা - দৈনিক আমার সময়

‎চট্টগ্রাম প্রেস ক্লাবে শিক্ষামন্ত্রী, ‎প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ সফল আয়োজনে সাংবাদিকদের সহযোগিতা কামনা

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্ট জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সংবাদ সম্মেলনের আগে তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির নেতৃত্বে নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

‎শুভেচ্ছার জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আজ আপনাদের মাঝে এসেছি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে এবং আপনাদের সহযোগিতা কামনা করতে। চট্টগ্রাম প্রেস ক্লাব আমাদের যেভাবে আন্তরিকভাবে বরণ করে নিয়েছে, সেজন্য আমি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রেস ক্লাবের সকল কর্মকর্তা, নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের আন্তরিক অভিবাদন ও ধন্যবাদ জানাই।

‎তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ইন্টার কলেজ পর্যায়ে আয়োজনের নির্দেশনা দিয়েছেন। এটি তাঁর স্বপ্নের একটি উদ্যোগ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের আদলে একটি বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে, যাতে দেশের তরুণ খেলোয়াড়রা আরও বেশি অনুপ্রাণিত হয় এবং খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে ওঠে।

‎ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এই আয়োজনকে সফল করতে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারকে সম্পৃক্ত করেছে। বিভাগীয় কমিশনার, পুলিশ প্রশাসন, শিক্ষা বোর্ড, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ এবং গণমাধ্যমকর্মীদের সম্মিলিত সহযোগিতায় এ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।

‎তিনি আরও বলেন, বাংলাদেশের প্রায় ১৮০ মিলিয়ন মানুষের মধ্য থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ন্যায্য অবস্থান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা চাই নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে, তাদের ক্রীড়ামুখী করে তুলতে এবং ভবিষ্যতের আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

‎সংবাদ সম্মেলনে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী।

‎এ সময় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সহ-সভাপতি ডেইজি মওদুদ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী, আরিচ আহমদ শাহসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের এ উদ্যোগ দেশের তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ, মেধাবী খেলোয়াড় তৈরির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়া সাফল্যের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com