চট্টগ্রাম নগরীর ১৭ নম্বর ওয়ার্ড পশ্চিম বাকলিয়া খালপাড় এলাকায় চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে জনবসতিপূর্ণ সড়কের ওপর বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দা, গ্রীন সিটি হাউজিং সোসাইটি, মুসল্লি ও শিক্ষার্থীরা।
বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় বায়তুল মামুর জামে মসজিদ, কবরস্থান ও আবাসিক এলাকার সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রসুলবাগ সমাজকল্যাণ পরিষদ জোরপূর্বক চলাচলের রাস্তাটিকে বর্জ্যের ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে। এতে মসজিদ, কবরস্থান ও বাড়িঘরের পাশে দুর্গন্ধ, স্বাস্থ্যঝুঁকি ও নানা সামাজিক সমস্যার সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন একর্ড গ্রীন ভিলেজ ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এরশাদ উল্লাহ, প্রফেসর নূরুল্লাহ, মোহাম্মদ আলম খান, ইসমাইল জসীম, নাজিমুদ্দিন, ইসমাইল ইমন, সাইফুল ইসলাম, আজিজুল হক, ছমদুল করিম ভুট্টো, সালমান ফারসি, সালাউদ্দিন চৌধুরী, চৈতি বড়ুয়া প্রমুখ।
স্থানীয় নারী, শিশু ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্কুলে যাওয়া-আসার সময় বর্জ্যের দুর্গন্ধে অসুস্থ হতে হচ্ছে এবং অসংখ্য কুকুরের উৎপাতে ঝুঁকির মুখে পড়ছে শিশুদের জীবন। এলাকাবাসীরা বলেন, “আমরা সুস্থভাবে বাঁচতে চাই, আমাদের স্বাভাবিকভাবে বাঁচতে দিন। মাননীয় মেয়র ঘোষিত ক্লিন, গ্রীন, হেলদি ও সেইফ সিটির বাস্তবায়ন চাই।”
এ ছাড়া বর্জ্যের স্তূপে খাল ভরাট হয়ে পরিবেশ ঝুঁকি বাড়ছে, বয়স্ক ও অসুস্থ রোগীদের হাসপাতালে যেতে ভোগান্তি বেড়েছে এবং মুসল্লিদের নামাজে যেতে বাধার সৃষ্টি হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
বক্তারা বলেন, “মসজিদ ও কবরস্থানের পবিত্রতা নষ্ট করে, আবাসিক সড়ক দখল করে বর্জ্যের স্তূপ তৈরি করা কোন সভ্য সমাজের মানুষ করতে পারে না। এটি মানবাধিকার ও পরিবেশের ওপর আঘাত।”
মানববন্ধনে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও অবিলম্বে বর্জ্য অপসারণের দাবি জানিয়ে চসিক মেয়রের হস্তক্ষেপ এবং পরিবেশবাদী সংগঠনগুলোর নজরদারি কামনা করা হয়।
Leave a Reply