1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে জামিননামা ছাড়াই মুক্তি পাওয়া ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব - দৈনিক আমার সময়

ময়মনসিংহে জামিননামা ছাড়াই মুক্তি পাওয়া ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ
    প্রকাশিত : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই ‘ভুলবশত’ মুক্তি পাওয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। কারা প্রশাসনের নজিরবিহীন এই ত্রুটির পর দ্রুত অভিযানে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-১৪ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. শামসুজ্জামান জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন–তারাকান্দা উপজেলার তারাটি গ্রামের হযরত আলীর ছেলে মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম।

এর আগে ২৭ জানুয়ারি সন্ধ্যায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে জামিননামা ছাড়াই মুক্তি দেওয়ার ঘটনা ঘটে, যা জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনার সত্যতা স্বীকার করে সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম জানান, কারাগারের একজন কর্মকর্তা ‘ভুলবশত’ হাজিরা পরোয়ানাকে জামিননামা ভেবে আসামিদের মুক্তি দেন—যাকে তিনি ‘ভুলমুক্তি’ হিসেবে উল্লেখ করেন।

ঘটনার পরপরই কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। একই সঙ্গে কর্তব্যে অবহেলার অভিযোগে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ঢাকা বিভাগ-২-এর ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা পড়লে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তদন্তে আরও কারো বিরুদ্ধে অবহেলার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com