ঝালকাঠীর রাজাপুরে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লক্ষ টাকা ও মোবাইল ফোন ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। গ্রেপ্তারকৃতরা হলো আফজাল হোসেন (৫০), লিটন হাওলাদার (৩০), আবুল কালাম (৩৮), চান মিয়া (২৯) ও মামুন হাওলাদার (২৪)। ২০ অক্টোবর মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদর কাছ থেকে ১ লক্ষ ৯ হাজার ৫৫১ টাকা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে। ২১ অক্টোবর বুধবার বরিশাল এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মামলার এজাহার সূত্রে জানা যায় গত ১৭ অক্টোবর রাত পৌনে ১০টার দিকে রাজাপুর উপজেলার বারাকপুর এলাকায় বিকাশ ব্যবসায়ী সুমন হোসেনের পথ রোধ করেন দেশীয় অস্ত্রধারী দুর্বৃত্তরা। তাকে ধারালো রামদা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তার ব্যাগে থাকা বিকাশের ৭ লক্ষ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী রাজাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে এসআরবি-৮-এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে লিটন হাওলাদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply