দেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠান বুরো বাংলাদেশ-এর সঙ্গে চুক্তি করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। এ চুক্তির আওতায় বুরো বাংলাদেশকে উন্নত কানেক্টিভিটি ও এন্টারপ্রাইজ ডিজিটাল সল্যুশন দেবে বাংলালিংক। এর ফলে বুরো বাংলাদেশের কর্মীদের মধ্যে সহজ, নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য যোগাযোগ নিশ্চিত হওয়ার পাশাপাশি দৈনন্দিন কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
সম্প্রতি বুরো বাংলাদেশের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান এবং বুরো বাংলাদেশের পরিচালক, অপারেশনস ফারহানা হোসেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের লার্জ করপোরেট ডিরেক্টর রুবাইয়াত আলম তানজিন, হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস এস এম শামসুর রহমান এবং বুরো বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তি সম্পর্কে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, যেকোনো প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি ও ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নির্ভরযোগ্য কানেক্টিভিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বুরো বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে তারা আনন্দিত। প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রম ও ক্রমপরিবর্তনশীল কানেক্টিভিটি চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ভরযোগ্য ডিজিটাল সমাধান দেওয়ার লক্ষ্যে বাংলালিংক কাজ করবে বলেও জানান তিনি।
বুরো বাংলাদেশের পরিচালক, অপারেশনস ফারহানা হোসেন বলেন, দেশজুড়ে সদস্যদের কাছে বুরো বাংলাদেশ যে আর্থিক সেবা ও সুবিধা পৌঁছে দেয়, সেগুলো কার্যকরভাবে পরিচালনার ক্ষেত্রে প্রযুক্তি ও কানেক্টিভিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলালিংকের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নির্ভরযোগ্য কানেক্টিভিটি ও ডিজিটাল সমাধান কাজে লাগিয়ে আর্থিক অন্তর্ভুক্তি এবং সদস্যদের ক্ষমতায়নের লক্ষ্য আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশজুড়ে প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংগঠনগুলোর ডিজিটাল সক্ষমতা বাড়াতে নির্ভরযোগ্য কানেক্টিভিটি ও উদ্ভাবনী ডিজিটাল সমাধান দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এ অংশীদারিত্ব করেছে বাংলালিংক।
বাংলালিংক দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর হিসেবে গ্রাহকদের দৈনন্দিন জীবন ও আর্থিক সেবাকে আরও সহজলভ্য ও অর্থবহ করে তুলতে কাজ করছে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা দেওয়ার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ (Rizz)-সহ বিভিন্ন ডিজিটাল সেবা পরিচালনা করছে। এছাড়া বাংলালিংক নাসডাক-তালিকাভুক্ত বহুজাতিক বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওনের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান।
Leave a Reply