নাটোরের বড়াইগ্রামে সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস মেধাবী শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সব শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে পরিকল্পিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা জরুরি।
আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থী ও স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়, শুধু চারা রোপণ নয় রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। ব্যক্তি, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে বৃক্ষরোপণের উদ্যোগ বাড়লে গড়ে উঠবে আরও সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ।
Leave a Reply