সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে লক্ষ্মীপুর জেলায় মানববন্ধন করেছে প্রাইভেট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলার প্রায় সব বেসরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
স্মার্ট কেয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সায়ান মানববন্ধনে বলেন, আমাদের প্রতি কেন বৈষম্য করা হচ্ছে? আমরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই।
মানববন্ধনে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম সুমন।
ইলেভেন কেয়ার একাডেমির প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কি শিক্ষার্থী নয়? কেন তাদের বৃত্তি পরীক্ষার বাইরে রাখা হচ্ছে? আমাদের এই দাবি না মানলে আমরা আরও কঠোর আন্দোলনে নামব।
বক্তারা আরও বলেন, সারাদেশে প্রায় ৫০ হাজার প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে শুধু লক্ষ্মীপুর জেলাতেই রয়েছে প্রায় ৪৫০টি প্রতিষ্ঠান। প্রতিবছর এখানকার প্রায় ৫ হাজার শিক্ষার্থী সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিত। কিন্তু এ বছর হঠাৎ করে প্রাইভেট শিক্ষার্থীদের সেই সুযোগ বন্ধ করা হয়েছে, যা বড় ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত।
মানববন্ধন শেষে শিক্ষক নেতারা অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন।
Leave a Reply