লক্ষ্মীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের অপকর্ম বা অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না। দলীয় পরিচয় ভাঙিয়ে চাঁদাবাজি, দখলবাজি বা প্রভাব খাটানোর অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সভাস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সভায় স্থানীয় বাসিন্দারা রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, দীর্ঘদিনের জলাবদ্ধতা, কর্মসংস্থানের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কয়েকজন বক্তা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
জবাবে আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন কাজের মাধ্যমেই দিতে চাই। অগ্রাধিকার ভিত্তিতে রাস্তা-ঘাট সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জনসেবামূলক প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করা হবে।’ তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, ‘রাজনীতি ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়, এটি মানুষের সেবার একটি প্ল্যাটফর্ম। কেউ যদি দলের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়ায়, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় তিনি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, নির্বাচনের পরপরই জনগণের কাছে এসে মতামত শোনা ইতিবাচক উদ্যোগ। তারা প্রতিশ্রুত উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার দাবি জানান।
সভায় উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মৈশাল, সাধারণ সম্পাদক বিল্লাল মৈশাল এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান রিফাত বক্তব্য দেন।
Leave a Reply