দীর্ঘদিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলতে গিয়ে ৫ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পার্বতীপুর শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ১২ থেকে ১৫ জন নেতা-কর্মী জড়ো হন। পরে তারা কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন এবং কিছু সময় সেখানে অবস্থান করেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন— পার্বতীপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা শাহজাদ হোসেন সাজ্জাদ, সহ-সভাপতি ফজলুল হক, সদস্য আক্তার হোসেন, তোজাম্মেল হক ও বাবলু সরকার, গৌরঙ্গ রায়। পরে তাদের জেলা হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply