1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পঞ্চগড়ে নেসকোর অবহেলায় বিদ্যুৎ স্পৃষ্টে লাইনম্যান সহকারীর মৃত্যু - দৈনিক আমার সময়

পঞ্চগড়ে নেসকোর অবহেলায় বিদ্যুৎ স্পৃষ্টে লাইনম্যান সহকারীর মৃত্যু

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

পঞ্চগড়ে বিদ্যুতের লাইন মেরামতের সময় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিএলসি এর অবহেলার কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহীন আলম (৪০) নামে এক লাইনম্যান সহকারীর মৃত্যু হয়েছে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করলেও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তা প্রত্যাহার করেছেন নিহতের স্বজনরা।
রোববার (৫ এপ্রিল) বিকেলে পৌরসভার ধাক্কামারা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন আলম জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি গ্রামের জয়নুল হকের ছেলে। তিনি উত্তর-পশ্চিমাঞ্চল বিদ্যুৎ সরবরাহ কোম্পানি নেসকো তে চুক্তিভিত্তিক লাইনম্যান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বুড়াবুড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক দায়িত্বে ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেলে পঞ্চগড়ের বিসিক ফিডারে বিদ্যুতের ত্রুটি দেখা দিলে নেসকোর একটি দল মেরামতের কাজে ঘটনাস্থলে যায়। শাহিন মই বেয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করছিলেন। এ সময় কাজ শেষ হওয়ার আগেই বিদ্যুৎ সংযোগ চালু হয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং খুঁটির সঙ্গে ঝুলে পড়েন।
স্থানীয়দের দাবি, প্রায় ১৫ থেকে ২০ মিনিট তিনি বিদ্যুতায়িত অবস্থায় ঝুলে ছিলেন। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ ১১হাজার ভোল্টের লাইন মেরামতে সময় নেসকোর দায়িত্বরতরা না জেনেই কিভাবে বিদ্যুৎ সংযোগ দেয়?

ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা নেসকোর পঞ্চগড় কার্যালয় ঘেরাও করেন এবং বিচারের দাবিতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা ঘটনাস্থলে এসে নিহতের পরিবারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তদন্ত এবং ক্ষতিপূরণের আশ্বাস দিলে স্বজনরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সংযোগ বন্ধের পর শাহিনকে উদ্ধার করা হয়।

শাহিন আলমের মৃত্যুর ঘটনা পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল ইসলাম নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com