পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জলদস্যুদের হাতে অপহরণের শিকার দুই জেলের মধ্যে আব্দুস সালাম (২৫) বাড়িতে ফিরেছে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সুন্দরবন ফেরত অপর জেলেদের নৌকাযোগে তিনি বাড়িতে ফিরে আসেন।
এর আগে শুক্রবার রাতে বিকাশের মাধ্যমে মুক্তিপণের ৩৬ হাজার পাঁচশ টাকা পরিশোধের পর জলদস্যুরা শনিবার ভোরে তাকে মুক্তি দেয়। তিনি শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের নুর হোসেনের ছেলে। বৃহস্পতিবার বিকালে সুন্দরবনের পায়রাটুনির খাল থেকে তাকে অপহরণ করা হয়।
ফিরে আসা জেলে আব্দুস সালামের পিতা নুর হোসেন জানান স্থানীয় অয়েজকুরুনি গাজীর জেলে হিসেবে গত মঙ্গলবার তার ছেলে মাছ ধরতে সুন্দরবনে যায়। দু’দিন পর পায়রাটুনি খালে জাল বিছানোর সময় পাঁচ সদস্যের জলদস্যু দলটি সেখান থেকে বিজয় কাহার (৩৮) ও আব্দুস সালামকে অপহরণ করে।
একদিন পরে জিম্মি জেলেদের পরিবারের কাছে কাছে মোবাইলে যোগাযোগ করে মুক্তিপণ বাবদ মাথাপিছু ৫০ হাজার করে টাকা দাবি করে। পরবর্তীতে অনুনয়-বিনয় করে ছেলের মুক্তিপণ বাবদ ৩৫ হাজার টাকায় জলদস্যুদের রাজি করাতে সম্মত হন।
জলদস্যুদের হাতে জিম্মি থাকা জেলে বিজয় কাহারের পিতা উপজেলার ভেটখালী নুতনঘেরি গ্রামের কৃষ্ণ কাহার জানান শনিবার পর্যন্ত মুক্তিপণের টাকা সংগ্রহ করতে পারেননি। ছেলের মুক্তিপণ বাবাদ জলদস্যু দলটি দাবিকৃত ৫০ হাজার টাকা ০১৯১৬৮১৩৬৪৯ নম্বরে বিকাশ করতে বলেছেন।
ফিরে আসা জেলে আব্দুস সালাম জানায় পাঁচ সদস্যের জলদস্যু দলটির কাছে তিনটি আগ্নেয়াস্ত্র রয়েছে। তারা ছোট একটি ডিঙি নৌকা নিয়ে সুন্দরবনের ম্েযধ দস্যুতা করছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান অপহরণের শিকার জেলেদের পরিবারের পক্ষ থেকে তাদেরকে কিছুই জানানো হয়নি। সংবাদকর্মীদের মাধ্যমে জানার পর বিষয়টি পুলিশ তদন্ত শুরু করেছে।
Leave a Reply