1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরার শ্যামনগরে পিঠা খেয়ে ১১ জন হাসপাতাল - দৈনিক আমার সময়

সাতক্ষীরার শ্যামনগরে পিঠা খেয়ে ১১ জন হাসপাতাল

সিরাজুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি‌
    প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নতুন বাড়ি নির্মাণ উপলক্ষে আয়োজিত ঘরে তৈরি পিঠা খাওয়ার পর একই পরিবারের ১১ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পিঠা তৈরির সময় ভুল করে কালোজিরা ভেবে দানাদার কীটনাশক মিশিয়ে ফেলেন পরিবারের এক বৃদ্ধা— এমন অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার রমজাননগর এলাকায়। অসুস্থ ব্যক্তিদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা দ্রুত পাকস্থলী পরিষ্কার করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেন। অধিকাংশের অবস্থা এখন স্থিতিশীল, তবে সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অসুস্থদের মধ্যে রয়েছেন—সুমাইয়া (২২), আইজা (২), মেহজাবিন (১০), সামিয়া (৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (১), শারমিন (২৩), মিতা (৩৫) ও উম্মে হাবিবা (২১)।
পারিবারিক সূত্র জানায়, নতুন ঘর নির্মাণের আনন্দে সবাইকে দুপুরের দাওয়াতে ডাকা হয়। বিকেলে পিঠা বানানোর সময় রান্নাঘরের একটি পাত্রে রাখা দানাদার কীটনাশককে কালোজিরা ভেবে মিশিয়ে ফেলেন পরিবারের সত্তরোর্ধ্ব জুলেখা বিবি। পিঠা খাওয়ার কিছুক্ষণ পরই পরিবারের সদস্যদের বমি, মাথা ঘোরা, পেটব্যথা, জ্বরজ্বর ভাবসহ বিষক্রিয়ার উপসর্গ দেখা দেয়।
তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, উপসর্গ দেখে সহজেই বোঝা যায় খাবারের সঙ্গে কীটনাশকজাতীয় কিছু মেশানো হয়েছে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শাকির হোসেন বলেন, রোগীরা হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়। এখন সবাই পর্যবেক্ষণে রয়েছে।
এদিকে ঘটনা তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বিপ্লব হোসেন বলেন, এটি প্রাথমিকভাবে ভুলবশত ঘটে যাওয়া একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com