সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বিভিন্ন দাবি নিয়ে আরইবি’র বিরুদ্ধে কঠোর আন্দোলনে নেমেছেন। রবিবার (৩১ আগস্ট) সকালে পাটকেলঘাটা অফিস সদর দপ্তরের অভিযোগ কেন্দ্রের সামনে কর্মচারীরা এ কর্মসূচিতে যোগ দেন।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে চলমান এ আন্দোলনের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে পল্লী বিদ্যুতের সিস্টেমের সংস্কার,নিম্নমানের মালামাল ব্যবহারের অবসান,আরইবি’র শোষণ-নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের পুনর্বহাল।
মিটার রিডার কাম মেসেঞ্জার মোঃ শহিদুল ইসলাম বলেন,“আমাদের আন্দোলন বিগত সময় থেকে চলমান। শুরুতে দুই দফা দাবি থাকলেও তা এখন সাত দফায় রূপ নিয়েছে। কিন্তু আরইবি আমাদের উপর নিপীড়ন চালাচ্ছে।”
সাইফুল ইসলাম, লাইনম্যান (গেট-২), বলেন,
“আমরা ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের যৌক্তিক দাবিগুলো এখনো মানা হয়নি। শহরের মানুষ যেভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাচ্ছে, গ্রামের প্রান্তিক মানুষও যেন সে রকম সেবা পায়—এটাই আমাদের মূল উদ্দেশ্য।”তিনি আরও জানান, আন্দোলনের কারণে ইতোমধ্যে দুইজন ডিজিএম ও সাবেক জেনারেল ম্যানেজার জুলফিকার রহমানকে সাময়িক বরখাস্ত করে সংযুক্ত করা হয়েছে। আন্দোলনকারীরা বরখাস্তকৃতদের অবিলম্বে পুনর্বহালের দাবি জানান।
পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) অনিক প্রধান বলেন,“আমরা কর্মচারীদের এ আন্দোলনে পূর্ণ সমর্থন দিচ্ছি। আগামীকাল ১লা সেপ্টেম্বরও কর্মসূচি অব্যাহত থাকবে।”
ডিজিএম সনৎ কুমার ঘোষ, বর্তমানে জিএমের দায়িত্বে থাকা অবস্থায় বলেন,“আজকের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল এবং কর্মচারীদের দাবিগুলো যৌক্তিক।”
আন্দোলনকারীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং একইসঙ্গে গ্রাহক সেবাও অব্যাহত রেখেছেন।
Leave a Reply