মেঘ-বৃষ্টি-রোদ তিনের মিলনমেলা সাজেক ভ্যালি যাকে অনেকেই বলেন, বাংলার দার্জিলিং কিংবা নীলাভ স্বর্গরাজ্য। পাহাড়ের বুক চিরে উঠে যাওয়া আঁকাবাঁকা পথ, লুসাই পাহাড়ের গভীর সবুজ, আর মেঘের ভেলা ছুঁয়ে যাওয়া ভোর—এসবই সাজেককে দেশের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্থানে পরিণত করেছে। ইতিহাস-ঐতিহ্যের দিক থেকেও সাজেক সমৃদ্ধ, এখানে বসবাসরত লুসাই, পাংখোয়া, ত্রিপুরাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা, সংস্কৃতি ও পোশাক-অলংকার পর্যটকদের কাছে বরাবরই আলাদা আকর্ষণ।
কিন্তু এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন যে বিপদজনক পথ পাড়ি দিতে হয়, তা যেন দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। পর্যটকদের জন্য জনপ্রিয় চাঁদের গাড়ি সহ বিভিন্ন ফিটনেসবিহীন এবং অতিরিক্ত ঝুঁকিপূর্ণ গাড়ির অবাধ চলাচল এখন প্রায় নিয়মিত। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় এসব গাড়ি শুধু চালকদের অদক্ষতাই নয়, বরং প্রযুক্তিগত ত্রুটি ও রক্ষণাবেক্ষণের অভাবেও দুর্ঘটনার বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে।
এই রিস্কময় পথেই গত ৩০ নভেম্বর ২০২৫ ইং ঘটেছে নতুন একটি দুর্ঘটনা।
বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)–এর অধীনস্থ সাজেক বেইস ক্যাম্পের একটি স্কট পিকআপ ১৪ ইবি বাঘাইহাট জোনের সাজেক টিওবি হতে আনুমানিক তিন কিলোমিটার দক্ষিণ–পূর্বে হাউজ পাড়া এলাকায় মেইন রোড থেকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০–৬০ ফুট নিচে পড়ে যায়। পাহাড়ি রাস্তায় একটি হঠাৎ বাঁকে গাড়িটি ভারসাম্য হারায় বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। আহত বিজিবি সদস্যদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত বিজিবির নায়েক মোয়াজ্জেম হোসেনকে বিমান বাহিনীর হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচ-এ নেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য।
স্থানীয়রা জানান, সাজেকে পর্যটকের সংখ্যা দিন দিন বাড়লেও রাস্তার মান উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি এবং ফিটনেসবিহীন গাড়ি নিয়ন্ত্রণে যথাযথ উদ্যোগ নেই। ফলে সামান্য অসতর্কতা, খারাপ আবহাওয়া কিংবা গাড়ির ত্রুটি—সব মিলিয়ে দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়ত তৈরি হচ্ছে।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, সাজেকের এই ঐতিহ্য, সৌন্দর্য ও প্রকৃতি রক্ষার পাশাপাশি নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা অত্যন্ত জরুরি। তাই দুর্ঘটনা কমাতে কঠোরভাবে ফিটনেস চেক, দক্ষ চালক নিশ্চিত করা, রাস্তায় নিরাপত্তা সাইন বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় ব্যারিয়ার স্থাপনের দাবি উঠেছে নতুন করে।
স্বর্গীয় সাজেককে নিরাপদ রাখতে প্রয়োজন পরিকল্পিত ও সমন্বিত ব্যবস্থা—এমনটাই মত স্থানীয়দের।
Leave a Reply